দারিদ্র্য নির্মূলে যুবসমাজকে কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন সুনিশ্চিত করতে হলে দেশের যুবসমাজকে কাজে লাগাতে হবে। কারণ, দেশের জনসংখ্যার একটি বড় অংশই হচ্ছে যুব সম্প্রদায়। এ জন্য যুবসমাজের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং এসব খাতে বিনিয়োগ বাড়াতে হবে। ২০৩০ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে এর বিকল্প নেই।
গতকাল শনিবার সকালে বরিশাল নগরের বিডিএস মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই মত দেন। আন্তর্জাতিক তারুণ্য দিবস উপলক্ষে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ‘দ্য রোড টু ২০৩০: ইরেডিকেটিং পোভার্টি অ্যান্ড অ্যাচিভিং সাসটেইনেবল প্রোডাকশন অ্যান্ড কনজামশন’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
গোলটেবিল বৈঠকে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি—এই তিন লক্ষ্যমাত্রার সমন্বয় সাধন এবং এই লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মকে যুক্ত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা মতামত ব্যক্ত করেন।
বৈঠকের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএর জাতীয় কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসেন। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যার ৫ কোটি ২০ লাখই হলো যুব সম্প্রদায়। তাদের ভোগ প্রবণতা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল ভোগ ও উৎপাদনশীল ধরন দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই যুব সম্প্রদায়ের কার্যক্রমের একটি বাড়তি গুরুত্ব রয়েছে। এ জন্য বর্তমান সময়ের দৃশ্যমান ভোগ প্রবণতা বিবেচনায় নিয়ে ব্যক্তিগত পছন্দ ও কার্যক্রমের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা জরুরি। এতে সার্বিক ভোগের কার্যকারিতা বাড়বে এবং অপচয় ও দূষণ কমিয়ে আনা সম্ভব হবে।
ডেইলি স্টার পত্রিকার পরামর্শক শামীম আহমেদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ বেগম জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান। এ সময় প্ল্যান ইন্টারন্যাশনাল স্বাস্থ্য কর্মসূচির প্রধান ইকতিয়ার উদ্দীন খন্দকার উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংসদ বলেন, ‘তরুণদের সামনে স্বপ্ন থাকতে হবে। দেশের প্রতি দরদ সৃষ্টির জন্য তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটাতে হবে। তবেই নৈতিকভাবে বলীয়ান হয়ে আমাদের যুবসমাজ উন্নয়নের ধারায় সবলভাবে অংশ নিতে পারবে।’
গোলটেবিলে অংশ নেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল ও মানবেন্দ্র বটব্যাল, নাট্য সংগঠন শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, জাতিসংঘ, ভোক্তা অধিকার সংরক্ষণ অ্যাসোসিয়েশন, গবেষক, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উন্নয়ন-সহযোগী, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতিনিধিসহ ৫০ জন প্রতিনিধি এতে অংশ নেন।