স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও অর্থনীতিবিদদের একটি আন্তর্জাতিক দল মুঠোফোন ও উপগ্রহের উপাত্ত একত্রে ব্যবহার করে দারিদ্র্য পরিমাপের মানচিত্র তৈরি করেছে। এই মানচিত্রে দারিদ্র্যের খুবই স্পষ্ট প্রতিচ্ছবি বা তথ্য পাওয়া যাচ্ছে। দারিদ্র্য গবেষণায় প্রযুক্তির এ ধরনের ব্যবহার বাংলাদেশেই প্রথম করা হয়েছে।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান ফ্লোমাইন্ডার ফাউন্ডেশন। এদের সঙ্গে টেলিনর রিসার্চ ও মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের গবেষকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, সুইডেন, নরওয়ে ও চীনের স্বাস্থ্য ও অর্থনীতির গবেষকেরা ছিলেন। গবেষণার ফলাফল প্রবন্ধ আকারে ৮ ফেব্রুয়ারি ‘ম্যাপিং পভার্টি ইউজিং মোবাইল ফোন অ্যান্ড স্যাটেলাইট ডেটা’ শিরোনামে যুক্তরাজ্যের জার্নাল অব দ্য রয়াল সোসাইটি ইন্টারফেস সাময়িকীতে ছাপা হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই গবেষণায় অর্থায়ন করেছে।
গবেষকেরা দেখেছেন, মুঠোফোনের উপাত্ত ও উপগ্রহের ভূস্থানিক (জিওস্পেসিয়াল) উপাত্ত মেশানো হলে দারিদ্র্যের ভবিষ্যদ্বাণী করা সম্ভব। সনাতন যে ধারায় সম্ভাব্য দারিদ্র্যের তথ্য উপস্থাপন করা হয়, তার সঙ্গে এর তুলনা করা যায়। তবে নতুন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ কিছু সুবিধাও আছে।
গবেষকেরা বলছেন, দারিদ্র্যের হার অনুমান করার জন্য সাধারণত উপাত্তের উৎস হিসেবে আদমশুমারি ও খানা আয়-ব্যয় জরিপ ব্যবহার করা হয়। এসব উপাত্ত নিয়মিত হালনাগাদ করা হয় না। আদমশুমারি ১০ বছর পরপর হয়। এ ছাড়া নিম্ন আয়ের দেশে জরিপ অনেক সময় জোড়াতালি দিয়ে করা হয়। অন্যদিকে মুঠোফোনের উপাত্ত যে তথ্য দেয়, তা অব্যাহতভাবে হালনাগাদ হচ্ছে, নানা উপায়ে এই তথ্য ব্যবহার ও ব্যাখ্যা করা যায় এবং একটি চলমান প্রক্রিয়ায় কী পরিবর্তন হচ্ছে, তার ওপর নজর রাখা যায়। উপগ্রহের উপাত্তে একই সুবিধা আছে, উপরন্তু উপগ্রহের উপাত্তে দারিদ্র্য আরও সক্রিয় ও ভৌগোলিকভাবে ছড়িয়ে থাকার চিত্র পাওয়া যায়।
দারিদ্র্য নির্ণয়ের নতুন এই পদ্ধতি সম্পর্কে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, শহর ও গ্রামীণ দারিদ্র্য নিয়ে পৃথক (ডিজএগ্রিগেটেড) উপাত্ত থাকলেও অন্য অনেক ক্ষেত্রে তা নেই। এই পদ্ধতিতে সে রকম উপাত্ত পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। দারিদ্র্য ব্যাখ্যার জন্য নতুন কিছু সূচকও পাওয়া যেতে পারে। কিন্তু নীতি পরিবর্তনে এর ভূমিকা কী হবে তা স্পষ্ট নয় (পলিসি ইমপ্লিকেশন স্পষ্ট না)।
২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত গ্রামীণফোন ব্যবহারকারীদের মুঠোফোন ব্যবহারের উপাত্ত (সিডিআর-কল ডিটেইল রেকর্ডস) এই গবেষণায় ব্যবহার করা হয়েছে। গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক সবচেয়ে বড়, এর গ্রাহক ৪ কোটি ৮০ লাখ। জনসংখ্যার ৯৯ শতাংশ এবং ভূভাগের ৯০ শতাংশ গ্রামীণফোনের নেটওয়ার্কের আওতায়।
যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ
কোনো মানুষ মুঠোফোন ব্যবহার করলে এর তথ্য একটি টাওয়ার গ্রহণ করে এবং মুঠোফোনের আনুমানিক অবস্থান চিহ্নিত করে। এখান থেকে উপাত্তের ধরন পাওয়া যায়, যেমন খুদে বার্তা পাঠানো হয়েছে কি না, কখন কল করা হয়েছে, কতবার কল করা হয়েছে, কত সময় ধরে কথা বলা হয়েছে। মানুষের চলাচলের ধরন বা কত দূরে সে যাচ্ছে, কোন ধরনের মোবাইল ফোন (ব্যাসিক না স্মার্ট) ব্যবহার করছে, তা-ও জানা যায়।
গবেষকেরা বলছেন, ব্যক্তি চিহ্নিত না হলেও এ ধরনের উপাত্ত থেকে দারিদ্র্য পরিমাপ করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, মুঠোফোনের জন্য মাসে খরচ কত, একটি নির্দিষ্ট এলাকায় কত মানুষ মুঠোফোন ব্যবহার করছে—এসব প্রশ্নের উত্তর এলাকার খানার সম্পদের পরিমাণ নির্দেশ করে। অন্যদিকে মানুষের চলাচল বা মুঠোফোনের অন্য ব্যবহার ব্যক্তির অর্থনৈতিক সুযোগ-সুবিধার ইঙ্গিত দেয়।
একইভাবে উপগ্রহের রিমোট সেন্সিং একটি কমিউনিটির জীবনযাপনের চিত্র তুলে ধরতে পারে। এর মাধ্যমে বৃষ্টিপাত, তাপমাত্রা ও সবুজ অঞ্চল চিহ্নিত করা, কৃষি উৎপাদনের উপাত্ত সংগ্রহের পাশাপাশি শহর বা বড় সড়ক থেকে মানুষ কত দূরে বাস করে, রাতে আলো ব্যবহারের পরিমাণ শনাক্ত করা যায়। এ থেকে একটি কমিউনিটির তথ্য পাওয়ার ও বাজারে প্রবেশের উপাত্ত জানা যায়।
এই গবেষণার সঙ্গে জড়িত গ্রামীণফোনের ডেটা বিজ্ঞানী আসিফ এম ইকবাল প্রথম আলোকে বলেন, মুঠোফোন ব্যবহারের ধরন দেখে বোঝা যায়, উত্তরবঙ্গের মানুষের চেয়ে সিলেটের মানুষের আর্থিক অবস্থা ভালো। সরকারের উপাত্তও তা-ই বলে। এ রকম অনেক তথ্য প্রায় তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব। তিনি আরও বলেন, ‘আশা করি এই গবেষণা ফলাফল ও পদ্ধতি কার্যকরভাবে দারিদ্র্য পরিস্থিতি বুঝতে ব্যবহার করা হবে। সরকার ও ত্রাণ দেয় এমন প্রতিষ্ঠানগুলোকে এই পদ্ধতির মাধ্যমে সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে।’