দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে ভেড়া পালন
ভেড়া পালন দারিদ্র্য বিমোচনে ভালো ভূমিকা রাখতে পারে। এ জন্য ভেড়াকে জনপ্রিয় করে তুলতে হবে। তাই সামগ্রিক বিষয়গুলো মাথায় রেখে গবেষণা কার্যক্রম চালাতে হবে।
ঢাকার সাভারে গতকাল শনিবার ‘দারিদ্র্য বিমোচনে ভেড়া পালন’ শীর্ষক কর্মশালায় অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি, পানিসম্পদ, পল্লি প্রতিষ্ঠান ও পরিকল্পনা কমিশনের সদস্য এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী এ কথা বলেন। সমাজভিত্তিক এবং বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মিলনায়তনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক তালুকদার নূরুন্নাহার।
কর্মশালায় জানানো হয়, সমাজভিত্তিক এবং বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উন্নত জাতের ভেড়া উৎপাদনের জন্য বিএলআরআইসহ দেশের ১১টি উপজেলায় গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১২ সাল থেকে বিএলআরআই এই গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে। এতে ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা।
কর্মশালায় আরও জানানো হয়, দেশে তিন জাতের ৩৪ লাখ ভেড়া রয়েছে। এসব ভেড়া থেকে প্রতিবছর ৩ হাজার ৪০০ মেট্রিক টন পশম উৎপাদিত হয়, যার প্রায় সবই অপচয় হতো। বিএলআরআই ও পাট গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে ২০১৪ সাল থেকে এসব পশম দিয়ে কম্বল, শাল ও স্যুট উৎপাদন শুরু করেছে। এ ছাড়া মাংসের চাহিদাও পূরণ হচ্ছে এই ভেড়া থেকে।
এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দেশে দুধ, মাংস ও ডিমের চাহিদা বাড়ছে। তাই গবেষণা অপরিহার্য হয়ে পড়েছে। মানুষের চাহিদার ওপর ভিত্তি করে মানসম্মত গবেষণার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এর ফল পাওয়ার ব্যবস্থা করতে হবে।
তালুকদার নূরুন্নাহার বলেন, ভেড়া ছোট্ট প্রাণী। কিন্তু এর গুণ ও গুরুত্ব অনেক বেশি। শুধু উন্নত জাতের ভেড়া উৎপাদন নয়, এর মাংস কীভাবে জনপ্রিয় করা যায়, সে বিষয়ে পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে বিএলআরআই কাজ করে যাচ্ছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজভিত্তিক এবং বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের পরিচালক মো. এরসাদুজ্জামান। এ সময় পিকেএসএফের মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) শরীফ আহম্মদ চৌধুরী ও বিএলআরআইয়ের অতিরিক্ত পরিচালক আজাহারুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।