প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প স্থাপনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণে বিমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিমাশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিমার মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ করা যেতে পারে।প্রধানমন্ত্রী গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম সার্ক বিমা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, দরিদ্র কৃষকদের জন্য কৃষি বিমা এবং হতদরিদ্র জনগণের জন্য স্বাস্থ্যবিমা ও ক্ষুদ্র বিমার প্রচলন করা যেতে পারে। তিনি বলেন, ‘এ ব্যাপারে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করুন। আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেব।’ফেডারেশন অব স্টেট অর্গানাইজেশন অব সার্ক কান্ট্রিজের সহযোগিতায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘বৈশ্বিক বাস্তবতার নিরিখে করণীয়’।আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সার্কের মহাসচিব আহমাদ সালিমের পক্ষে সার্ক সচিবালয়ের পরিচালক ইবরাহিম গফুরী, সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব মো. ফজলুল করিম ও এ বি এম নুরুল হক বক্তৃতা করেন।বিমা সংস্থাসমূহ জনগণের কষ্টার্জিত অর্থের জিম্মাদার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিমা কোম্পানিগুলো সংগৃহীত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে এবং দাবি উত্থাপিত হলে দ্রুত তা নিষ্পত্তি করতে হবে। বিমা নিয়ন্ত্রককে বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী দরিদ্র জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নে বিমা ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘যদিও প্রত্যেক দেশ তার নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই প্রচেষ্টা আরও বেগবান হতে পারে, যদি আমরা পরস্পরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করি।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিমা এ রকমই একটি ক্ষেত্র, যেখানে সার্কভুক্ত দেশগুলো পরস্পরের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নিজ নিজ দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে।’প্রধানমন্ত্রী বলেন, মানুষের দুর্দশা লাঘব, সামাজিক কল্যাণ সাধন এবং শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ঝুঁকি নিরসনে বিমা খাতের অবদান অপরিসীম। পাশাপাশি অভ্যন্তরীণ মূলধন সংগ্রহেও বিমার ভূমিকা অনস্বীকার্য। যে দেশের বিমাশিল্প যত উন্নত ও নিয়ন্ত্রিত, সে দেশের অর্থনীতিও তত মজবুত।’সম্মেলনের সাফল্য কামনা করে এই সম্মেলনের মাধ্যমে বিমাশিল্পে একটি নবযুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বিমা নিয়ন্ত্রকদের এই পদক্ষেপ এ অঞ্চলের বিমা খাতকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।