বাংলাদেশে শুরু হওয়া ক্ষুদ্রঋণ কর্মসূচি দারিদ্র্য বিমোচনে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নবনিযুক্ত রাষ্ট্রদূত উইলিয়াম আনা। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে ইউরোপীয় উন্নয়ন সহযোগীদের মনোযোগের ক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো সাম্প্রতিক আলোচিত বিষয় নিয়ে অভিমত দেন। রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।উইলিয়াম আনা বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত আইনের সংস্কার-প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইইউ। এ ছাড়া গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম্য আদালত প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা দেবে তারা।সরকার ক্ষুদ্রঋণের জনক হিসেবে পরিচিত মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়ায় তা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এ প্রশ্নের জবাবে উইলিয়াম আনা বলেন, ‘দারিদ্র্য বিমোচনে উন্নয়ন সহযোগীরা ক্ষুদ্রঋণকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মনে করে।...আমি বাংলাদেশে কাজ করার আগে আফ্রিকা ও লাতিন আমেরিকায় কাজ করেছি। সেখানে ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সরকারের ব্যাখ্যা পুরোপুরি শোনার পর এ নিয়ে মন্তব্য করবেন বলে সাংবাদিকদের জানান ইইউ রাষ্ট্রদূত।জাতিতে আইরিশ উইলিয়াম আনা তাঁর শৈশবে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাটজাত সামগ্রী ব্যবহার করার অভিজ্ঞতা তুলে ধরেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে উইলিয়াম আনা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা মনে করিয়ে দেন। তিনি এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকাও উল্লেখ করেন।