দারিদ্র্য বিমোচনে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ভারতের চেয়ে বাংলাদেশ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের আরেকটি দেশ নেপাল এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের চেয়েও এগিয়ে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর (ওপিএইচআই) এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। বহুমুখী দারিদ্র্য ইনডেক্স (এমপিআই) ভিত্তিক এ গবেষণার ফল জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তার মানব উন্নয়ন প্রতিবেদনে ব্যবহার করেছে। অক্সফোর্ডের গবেষণায় দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ, নেপাল ও রুয়ান্ডাকে তারকা দেশ (স্টার পারফরমার) হিসেবে চিহ্নিত করা হয়েছে। দারিদ্র্য বিমোচনে অগ্রগতির দিক দিয়ে এই দেশগুলোর পেছনেই রয়েছে ঘানা, তানজানিয়া, কম্বোডিয়া ও বলিভিয়া।অক্সফোর্ডের ওই গবেষণায় দেখা গেছে, দারিদ্র্য বিমোচনে ১৯৯৯-২০০৬ মেয়াদে ভারতও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে তা প্রতিবেশী ও অপেক্ষাকৃত গরিব দেশ বাংলাদেশ ও নেপাল যে গতিতে এগিয়েছে, তার তুলনায় এ গতি এক-তৃতীয়াংশের কম। ভারত প্রতিবছর ১ দশমিক ২ শতাংশ হারে দারিদ্র্য কমিয়ে আনতে পেরেছে, যেখানে নেপালের হার ৪ দশমিক ১ শতাংশ এবং বাংলাদেশের হার ৩ দশমিক ১ শতাংশ।ওপিএইচআইয়ের পরিচালক সাবিনা আলকির বলেন, ‘নেপাল ও বাংলাদেশ কম উপার্জনের দেশ হওয়া সত্ত্বেও দারিদ্র্য কমাতে যে সফলতা পেয়েছে, তা তাদের সামাজিক নীতির বিনিয়োগ ও সুশীল সমাজের সম্পৃক্ততার কার্যকারিতাকে সামনে নিয়ে এসেছে।’ আইএএনএস ও দ্য গার্ডিয়ান।