দারিদ্র্য-বিমোচনে সাফল্যের দাবিদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাদ্য নিরাপত্তা অর্জনে দক্ষিণাঞ্চলে লবণসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করে মাঠপর্যায়ে সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে। উচ্চ ফলনশীল ফল ও ফসলাদির পাশাপাশি দেশীয় জাতগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে। আর এসব কর্মকাণ্ড সাধন করে দেশের খাদ্য নিরাপত্তা অর্জনের অগ্রপথিক হিসেবে কাজ করতে হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে। কারণ খাদ্য উৎপাদন ও দারিদ্র্য-বিমোচনে বিরল সাফল্য অর্জনের অন্যতম দাবিদার এ বিশ্ববিদ্যালয়।’গতকাল বুধবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে পদার্পণ উপলক্ষে (৫০তম প্রতিষ্ঠা দিবস) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’ স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৫০তম প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে কৃষিমন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে ক্যাম্পাস ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে দুপুর ১২টার দিকে মিলনায়তনে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং সম্মুখভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত ৪৯ বছরের প্রাপ্তি, সাফল্য, উদ্ভাবিত গবেষণালব্ধ প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। ছাত্রবিষয়ক বিভাগের বিশেষ দায়িত্ব পাওয়া কর্মকর্তা এ কে এম জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য।