দারিদ্র্য বিমোচনে সুশাসন নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও দ্রুত গরিব মানুষের সংখ্যা কমাতে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করবে বিশ্বব্যাংক। একই সঙ্গে সুশাসন ও দুর্নীতিবিরোধী ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে গরিব মানুষের স্বার্থে প্রতিটি ডলারই ব্যয় হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মতে, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সফরে যাওয়ার আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল, তা অন্য প্রকল্পে স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। কিন্তু এ বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতিতে কিছু বলা হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন। বৈঠকে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল আরও বেশিসংখ্যক দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে আলোচনা হয় বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, দারিদ্র্য বিমোচনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে বাংলাদেশ। এক দশক ধরে ৬ শতাংশের মতো বার্ষিক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। এ ছাড়া নারীদের শ্রমশক্তিতে যুক্ত হওয়া ও বিশালসংখ্যক মেয়েদের শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তকরণের মাধ্যমে ব্যাপক সামাজিক পরিবর্তন হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বিগত ১০ বছরে এক কোটি ৬০ লাখ লোক দারিদ্র্যসীমা অতিক্রম করেছে। চার কোটি ৭০ লাখ জনগোষ্ঠী এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, তাই উন্নয়ন প্রয়োজন।