দরিদ্র মানুষের মানসিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। বেকারত্ব বেড়ে গেলে আত্মহত্যা, খুন, ধর্ষণ ও দুর্ঘটনার হার বাড়ে। ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) সভাপতি পেড্রো রুইজ সংগঠনের পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনের বিশেষ বক্তৃতায় গতকাল শুক্রবার এ কথা বলেন।যুক্তরাষ্ট্রের ২০টি শহরের ১৪ বছরের তথ্য বিশ্লেষণ করে পেড্রো রুইজ দেখেছেন, ১ শতাংশ বেকারত্ব বাড়লে সেখানে দশমিক ৮৪ শতাংশ আত্মহত্যা ও ৬ দশমিক ৭ শতাংশ খুন বাড়ে। একই কারণে ধর্ষণ ২ দশমিক ৪ এবং দুর্ঘটনা দশমিক ৭৬ শতাংশ বেড়ে যায়। তিনি বলেন, দরিদ্র পরিবারের সন্তানদের মধ্যে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি।মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য চিকিত্সকদের সবচেয়ে বড় সংগঠন ডব্লিউপিএর সম্মেলন ২১ জানুয়ারি ঢাকায় শুরু হয়েছে। আয়োজকেরা জানিয়েছে, ৩০টি দেশের শীর্ষ মনোবিজ্ঞানী ও চিকিত্সকেরা এতে অংশ নিচ্ছেন। বিশেষ বৈজ্ঞানিক অধিবেশন ও বক্তৃতা ছাড়াও নবীন চিকিত্সকদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে এই সম্মেলনে। ১৯৫০ সালে ডব্লিউপিএ প্রতিষ্ঠিত হয়। প্রতি চার বছর অন্তর এর আন্তর্জাতিক সভা বসে। বাংলাদেশে এর সম্মেলন এটাই প্রথম। আজ শনিবার এই সম্মেলন শেষ হচ্ছে। পেড্রো রুইজ বলেন, বেকারত্ব, অস্বাস্থ্যকর আবাসন, অপুষ্টি, নিরক্ষরতা এসবের কারণ দারিদ্র্য। দরিদ্র পরিবারের সদস্যরা প্রসূতিপূর্ব ও প্রসূতি-পরবর্তী সেবা কম পায়। এসব পরিবারে অপ্রত্যাশিত গর্ভধারণের হার বেশি। দরিদ্র পরিবার তুলনামূলকভাবে বেশি ভঙ্গুর হয়। যৌন পেশা এসব পরিবারে বেশি। তিনি বলেন, ‘দারিদ্র্যের চাপে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। তাদের উদ্বেগ-উত্কণ্ঠা বেশি।’ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পেড্রো রুইজ বলেন, অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের শেতাঙ্গরা কালো মানুষের চেয়ে ভালো অবস্থানে আছে। পরিসংখ্যানে দেখা যায় দুর্ঘটনা, খুন এসবের প্রবণতা একই বয়সী শেতাঙ্গের চেয়ে কালো মানুষের মধ্যেই বেশি। বৈষম্য দূর করা এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করেন পেড্রো রুইজ। তিনি বলেন, সমস্যা সমাধানের জন্য চিকিত্সা-বহির্ভূত উপাত্ত (যেমন: আর্থ-সামাজিক, জাতিগত ইত্যাদি) সংগ্রহ করা দরকার। মনোরোগ চিকিত্সকদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, মানসিক রোগীর কথা আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। রোগীর কয়টি শিশু, সব শিশু স্কুলে যায় কি না, না গেলে কেন যায় না—এসব জানা একজন মনোরোগ চিকিত্সকের দায়িত্বের মধ্যেই পড়ে।