দারিদ্র্যই কেড়ে নিল এক মায়ের প্রাণ!
অর্থকষ্টের মধ্যেই কাটছিল নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামে সফিকুল ও মাসুদার দাম্পত্য জীবন। তিন মাস আগে ঘর আলো করে আসে একটি মেয়েসন্তান। সন্তানের প্রতি আদরের কমতি না থাকলেও প্রতিদিনের খরচ জুগিয়ে বাড়তি খরচ করার মতো সাধ্য হয়নি বাবার। মেয়ের জীবনে প্রথম ঈদে জামা কিনে দিতে পারেননি তিনি। তাই স্বামীর প্রতি প্রচণ্ড অভিমান হয় মাসুদার। এ নিয়ে ঈদের দিন তাঁদের ঝগড়া হয়। এর জের ধরে অভিমানী মাসুদা গত রোববার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন মাসুদার বাবা শামসুল হক নাতিকে নতুন জামা কিনে দেন। কিন্তু স্বামী দিনমজুর শফিকুল ইসলাম মেয়েকে ঈদ উপহার দেননি। এ নিয়ে ঈদের দিন কথা-কাটাকাটির একপর্যায়ে মাসুদা বাবার দেওয়া জামাটি আগুনে পুড়িয়ে ফেলেন। এ কারণে ঈদের দিন রাতে সফিকুল স্ত্রীকে গালমন্দ করেন। পরদিন রোববার বিকেলে মেয়েকে কোলে নিয়ে হাঁটতে বের হন সফিকুল। এই ফাঁকে মাসুদা ঘরের দরজা আটকে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা গিয়ে মাসুদাকে উদ্ধার করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মনোহরদী থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বলেন, মূলত অভিমান থেকে মাসুদা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।