দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন নগর গড়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শ্রেণির মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসম্মত, নিরাপদ, সহনশীল ও দারিদ্র্যমুক্ত নগর গড়ে তোলার জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন একটি নাগরিক সংলাপে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, বর্তমানে দেশের ৩০ শতাংশ মানুষ নগরবাসী। ২০৪৬ সালের মধ্যে এটি ৫০ শতাংশে উন্নীত হবে। এই বিপুলসংখ্যক মানুষের জন্য সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি বৈষম্যহীন নগরব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যক্তিপর্যায় থেকে শুরু করে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী সংলাপটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, আন্তর্জাতিক এনজিওগুলোর সংগঠন আরবান এনজিও ফোরাম ও সেন্টার ফর আরবান রেজিলিয়েন্স। এ নিয়ে চতুর্থবারের মতো আয়োজিত এই নগর সংলাপের এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যকর ও সহনশীল নগরের দিকে যাত্রা’।
সংলাপের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ঢাকামুখী অভিবাসন বন্ধের ওপর তাগিদ দেন। তিনি বলেন, ঢাকামুখী জনস্রোত বন্ধ করতে না পারলে পরিকল্পিত ঢাকা গড়ার কোনো উদ্যোগই কাজে আসবে না। এ জন্য জেলা-উপজেলা এবং গ্রাম পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলার জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কাজ করছে। এখন সেখানে কর্মসংস্থান তৈরির দিকে নজর দিতে হবে।
সংলাপে মূল প্রবন্ধ পড়েন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ঢাকা শহরে ৮ থেকে ১০ শতাংশ মানুষ অতিদরিদ্র। আরও ২০ শতাংশ লোক দরিদ্র। এই বিপুলসংখ্যক দরিদ্র মানুষকে পেছনে রেখে কোনো উন্নয়ন টেকসই হবে না। তিনি বলেন, রাজউকের সর্বশেষ মহাপরিকল্পনায় গরিব মানুষের জন্য কোনো জায়গা রাখা হয়নি। আগেও হতো না। এনজিও, বেসরকারি খাত কিংবা সরকার কেউই গরিবের আবাসনের ব্যবস্থা করে না।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, একটি স্বাস্থ্যকর ও প্রাণবন্ত শহর সবারই স্বপ্ন। কিন্তু আমাদেরও অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হয়। এগুলো চাইলেও অতিক্রম করা কঠিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি এস এম মাকসুদ কামাল, হ্যাবিটেট ফর হিউম্যানিটি, বাংলাদেশের জন আর্মস্ট্রং প্রমুখ।