দারিদ্র্যের সংজ্ঞা নেই, নির্ধারণ করবে সংসদীয় কমিটি
বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের কোনো সংজ্ঞা নেই। দেশে কী পরিমাণ দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তার সঠিক সংখ্যা নির্ণয়ের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি দারিদ্র্যের সংজ্ঞা নির্ধারণ করবে। তারা এ বিষয়ে পরামর্শের জন্য দেশের বিশেষজ্ঞ ব্যক্তিদের সংসদীয় কমিটির বৈঠকে আমন্ত্রণ জানাবে।
সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আজ রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্যের সংজ্ঞা কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং বাংলাদেশে কীভাবে দরিদ্র জনগোষ্ঠীকে চিহ্নিত করা হয়, তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২১) অনুযায়ী ২০২১ সালের মধ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ থেকে ১৩ দশমিক শূন্য ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১০-১৫) মেয়াদ শেষে ২০১৫ সাল নাগাদ দারিদ্র্যের সংখ্যা ২২ দশমিক শূন্য ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য আবদুল হাই সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তাই কমিটি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কমিটি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও এনজিও কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করবে।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রফিকুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, আবদুল হাই, তাজুল ইসলাম, সামশুল হক চৌধুরী ও নিলুফার জাফর উল্লাহ অংশ নেন।
এ ছাড়াও সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে ১৯৪৭ সালে ভারত ভাগের ফলে বাংলাদেশ অংশের যে সব বালাম বই ভারতে থেকে যায়, সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। দেশে বিরাজমান ভূমি সমস্যার সমাধান ও ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য কমিটি এই সুপারিশ করে।
কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, মকবুল হোসেন, এ কে এম মাঈদুল ইসলাম ও জাহান আরা বেগম এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান অংশ নেন।