দারিদ্র্যের হার ১৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫০ শতাংশ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২০১৩ সালের মধ্যে তা ২৫ শতাংশে নামিয়ে আনা হবে। ২০২১ সালের মধ্যে এই দারিদ্র্যের হার নামিয়ে আনা হবে ১৫ শতাংশে।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করে বলা হয়, ২১টি মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে বাস্তবায়নাধীন ৯৯টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হলে এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।এ ছাড়া, বৈঠকে গত ২০ থেকে ২৪ মে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির লাটভিয়া ও বেলারুশ সফরের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এক সংবাদ সম্মেলনে জানান, ৯৯টি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অধীনে দেশে সুবিধাভোগী লোকের সংখ্যা প্রায় ২৪ কোটি ৭৪ লাখ, যা দেশের বর্তমান জনসংখ্যার চেয়ে বেশি। অবশ্য প্রকৃত উপকারভোগীর সংখ্যা ১২ কোটির বেশি। সচিব বলেন, একই ব্যক্তি একাধিক কর্মসূচির সুবিধা ভোগ করছে। এ ধরনের সুবিধা গ্রহণ বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়সহ ২১টি মন্ত্রণালয় ও বিভাগ এসব কর্মসূচি বাস্তবায়ন করছে বলে তিনি জানান।সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, জানতে চাইলে সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে এ ধরনের কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তাই মন্ত্রিপরিষদ বিভাগের কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটির প্রতিবেদনে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি। এই কর্মসূচির কারণে দরিদ্র শিশুদের খাদ্যের চাহিদা পূরণের মাত্রা বাড়লেও পুষ্টিহীনতা এবং দুধ ও আমিষজাতীয় খাদ্যের ঘাটতি এখনো রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রিপরিষদ সচিব।প্রতিবেদনে বলা হয়, গত ২০১০-১১ অর্থবছরে দেশের মোট জাতীয় বাজেট ছিল এক লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে মোট বরাদ্দ ছিল প্রায় ২২ হাজার ৩৪৯ কোটি ২৫ লাখ টাকা। বরাদ্দ করা অর্থের মধ্যে ওই বছর মোট ব্যয় হয়েছে ১৯ হাজার ৩১০ কোটি ৬৮ লাখ টাকা, যা জাতীয় বাজেটের ১৪ দশমিক ৮৫ শতাংশ।প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এসব কর্মসূচি বাস্তবায়নের ফলে সরাসরি উপকৃতদের মাথাপিছু আয়ের পরিমাণ বেড়েছে। এ আয় বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ থেকে ২৮ শতাংশ পর্যন্ত। এসব কর্মসূচিতে সরাসরি জড়িত নয়, এমন ব্যক্তিদের আয়ও বেড়েছে প্রায় ৮ শতাংশ। আর্থিক সক্ষমতার কারণে বেড়েছে নারীর ক্ষমতায়নও।