দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি ভাগে বিভক্ত বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সব শাখা ক্যাম্পাস (আউটার) বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে গতকাল মঙ্গলবার নোটিশ জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলালউদ্দিন প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন দারুল ইহসান নামে কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দারুল ইহসানের নানা অনিয়ম তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তদন্ত কমিশন সনদ বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।
অভিযোগ আছে, এই বিশ্ববিদ্যালয় চার ভাগে বিভক্ত হয়ে সারা দেশে অসংখ্য শাখা ক্যাম্পাস খুলে শিক্ষার নামে সনদ-বাণিজ্য করছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, যাঁরা এখনো মূল ক্যাম্পাসে অধ্যয়নরত আছেন, তাঁদের যাবতীয় বিষয়ের ব্যবস্থা ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা মাত্র বন্ধের ঘোষণা দিলাম। এখন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’