দারুল ইহসানের পঞ্চগড় ক্যাম্পাস বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছে জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড়ের ক্যাম্পাস সম্পর্কে ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে জেলা প্রশাসন।সূত্র জানায়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় ক্যাম্পাস সম্পর্কে গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন পাঠান জেলা প্রশাসক। প্রতিবেদনে বলা হয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় ক্যাম্পাসটি প্রয়োজনীয় অবকাঠামো ও ন্যূনতম কর্মী ছাড়া টিনের চালায় পরিচালিত হচ্ছে। একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্যও যেসব অবকাঠামো ও কর্মী থাকা দরকার তা এখানে নেই। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দিকনির্দেশনা চাওয়া হয় মন্ত্রণালয়ের কাছে। কিন্তু প্রতিবেদনটি খুঁজে পায়নি মন্ত্রণালয়। ৮ জুন প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নামে পঞ্চগড়ে সনদ-ব্যবসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। শিক্ষা মন্ত্রণালয় ওই দিনই এ সম্পর্কে নতুন করে প্রতিবেদন পাঠাতে বলে পঞ্চগড় জেলা প্রশাসককে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রথম আলোকে বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় ক্যাম্পাস সম্পর্কে নতুন করে ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ে ফ্যাক্সযোগে প্রতিবেদন পাঠানো হয়েছে। এদিকে শুক্রবারও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় ক্যাম্পাসের কার্যক্রম যথারীতি চলেছে। ওই দিন এলএলবি, বিএড ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের টিউটোরিয়াল ও প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় ক্যাম্পাসের সমন্বয়কারী মো. দেলদার রহমান প্রথম আলোতে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় ক্যাম্পাসটি বৈধ ক্যাম্পাস। এখানে ভর্তি হয়ে কারও প্রতারিত হওয়ার সুযোগ নেই।