দারুল ইহসানের ‘সনদ-বাণিজ্য’
গাইবান্ধা এন এইচ মডার্ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরার স্বপ্ন ছিল এমএড ডিগ্রি নেওয়া। ২০০৭ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা ক্যাম্পাসে তিনি ভর্তি হন। তিনি বলেন, ‘২০ হাজার টাকা ফি দিয়ে এক বছরের কোর্স সম্পন্ন করে সনদও পেয়েছি। অথচ এটি কোনো কাজে লাগাতে পারিনি। তারপরও দুঃখ নেই। এমএড ডিগ্রি নিয়েছি, এটাই আত্মতৃপ্তি।’ সাদুল্যাপুর মতিউন নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ‘বিএ পাস করে ১৫ বছর আগে শিক্ষকতা শুরু করি। এমএড ডিগ্রি নেওয়ার জন্য এখানে ভর্তি হয়েছি। পড়াশোনা কী করব। পরীক্ষায় উপস্থিত হলেই সনদ আসবে।’ হোসনে আরা ও মোস্তাফিজারের মতো অনেক পেশাজীবী এবং রাজনৈতিক নেতা শুধু সনদ পাওয়ার আশায় এখানে ভর্তি হয়েছেন। উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি সনদের বলে বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি হবে সে লক্ষ্যেই এখানে তাঁদের ভর্তি হওয়া। স্থানীয় সূত্র জানায়, গাইবান্ধা শহরের ব্রিজ রোডের একটি ভাড়া বাড়িতে চলছে এই ক্যাম্পাসের প্রশাসনিক কার্যালয়। বাড়ির সামনে বিশ্ববিদ্যালয়ের একটি সাইন বোর্ড। মাসিক দুই হাজার টাকা ভাড়ায় শহরের ডিবি রোডে অবস্থিত গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ ও চার হাজার টাকা ভাড়ায় গাইবান্ধা মডার্ন এন এইচ উচ্চবিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঠদান ও পরীক্ষার কার্যক্রম চলে। গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘পড়াশোনা ছাড়াই সনদ বিক্রির এমন রমরমা ব্যবসা দেখার যেন কেউ নেই।’ আসাদুজ্জামান কলেজের অধ্যক্ষ গোলাম আজম বলেন, মাসিক দুই হাজার টাকা ভাড়ায় ক্যাম্পাস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই টাকা কলেজের উন্নয়নে ব্যয় হয়। মডার্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামও একই ধরনের কথা বলেন। ওই বিদ্যালয়ের পিয়ন মজিবর রহমান বলেন, ‘প্রতি শুক্রবার আমাদের বিদ্যালয়ে দারুলের ক্লাস হয়। আমি সেখানে খণ্ডকালীন পিয়ন হিসেবে কাজ করতাম। কিন্তু যখন দেখি পরীক্ষার দিন বয়স্ক শিক্ষকেরা প্রকাশ্যে বই খুলে লেখেন, তখন খারাপ লাগে। তাই তিন মাস আগে খণ্ডকালীন চাকরি ছেড়ে দিয়েছি।’ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা ক্যাম্পাসে বিএড, এমএড, লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন, ইংরেজি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে সম্মান এবং স্নাতকোত্তর, আইন বিষয়ে সম্মান শ্রেণী খোলা হয়েছে। এ বছর বিবিএ খোলার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চলতি বছর ২১ জানুয়ারি বিভিন্ন বিষয়ের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এতে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেন। অভিযোগ আছে, এসব লিখিত পরীক্ষা লোকদেখানো মাত্র। ফির অঙ্ক বাড়ালে এক বছর কিংবা দুই বছরের কোর্স করতে হয় না। ২৪ ঘণ্টায় সনদ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সাঘাটা উপজেলার জুমারবাড়ী গ্রামের এক কলেজ শিক্ষক বলেন, ‘আমার স্ত্রীর জন্য ১৮ হাজার টাকা দিয়ে লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন বিষয়ে ২৪ ঘণ্টায় সনদ নিয়েছি।’ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ‘লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন বিষয়ে গাইবান্ধা ক্যাম্পাসে ভর্তি হয়েছি। ভর্তি থেকে সনদ পাওয়া পর্যন্ত ২০ হাজার টাকার চুক্তি হয়েছে। ভর্তির সময় অর্ধেক টাকা দিয়েছি। অবশিষ্ট টাকা সনদ নেওয়ার সময় দিতে হবে।’ গত শুক্রবার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, তদারকির জন্য কোনো প্রশাসনিক কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেট নেই। পরীক্ষার্থীরা প্রকাশ্যে বই খুলে লিখছেন। জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, পরীক্ষা তদারকির জন্য জেলা প্রশাসনের কাছে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছিল। কিন্তু তাদের ক্যাম্পাস খোলার কোনো অনুমোদন না থাকায় ম্যাজিস্ট্রেট দেওয়া হয়নি। ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে ২৬ জন শিক্ষক আছেন। সবাই খণ্ডকালীন। গাইবান্ধা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিন বলে ক্যাম্পাসে পাঠদানের সুযোগ পাচ্ছি। এ জন্য ক্লাসপ্রতি ৩০০ টাকা সম্মানী দেওয়া হয়।’ দারুল ইহসান বিশ্ববিদ্যালয় গাইবান্ধা ক্যাম্পাসের সমন্বয়ক জুলেখা আলতাব বলেন, প্রতি শুক্রবার এখানে ক্লাস ও পরীক্ষা হয়। বৈধভাবে এই ক্যাম্পাস চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মালিকের মৃত্যুর পর মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে হাইকোর্টে মামলা আছে। এখানে পরীক্ষা হলেও সনদ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় থেকে। পরীক্ষায় নকল কিংবা ২৪ ঘণ্টায় কাউকে সনদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তবে এখানে পাসের হার সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। শতভাগ পাসের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। ক্যাম্পাসের নেপথ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের বাসিন্দা আলতাব হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন ডিপ্লোমা প্রকৌশলী। স্থানীয় সূত্র জানায়, তাঁর স্ত্রী জুলেখা আলতাব ক্যাম্পাসের সমন্বয়ক। আলতাব হোসেন বলেন, ‘সনদ-বাণিজ্য করার অভিযোগ সঠিক নয়। কেউ ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এলাকায় উচ্চশিক্ষার উন্নয়নে ক্যাম্পাস চালাচ্ছি।’ইউজিসির বক্তব্য: অভিযোগ রয়েছে,বর্তমানে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কয়েকটি মালিকানায় বিভক্ত হয়ে সারা দেশে ‘আউটার ক্যাম্পাস’ খুলে শিক্ষা-বাণিজ্য করছে। এই বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন, ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে তাতে আমাদের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ বিষয়ে আমরা চ্যান্সেলরের হস্তক্ষেপ কামনা করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠনের প্রক্রিয়া চলছে।