পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় রাজধানীর দারুস সালাম থানার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মিরপুর অঞ্চলের উপপুলিশ কমিশনার তাঁদের বরখাস্তের আদেশ দেন। সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্য হলেন, উপপরিদর্শক হেকমতউল্লাহ, সহকারী উপপরিদর্শক মশিউর রহমান ও আবু সাইম। মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে সাময়িক বরখাস্তের কথা স্বীকার করা হয়েছে। তবে এ-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রোববার গুলশানে ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যুর ঘটনায় দুজন উপপরিদর্শককে রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন আনিসুর রহমান ও ক্ষিতীশ চন্দ্র রায়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১ জুলাই রাজধানীর দারুস সালাম থেকে ছেলের সামনেই মজিবর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরদিন তাঁর লাশ তুরাগ নদে পাওয়া যায়। পরিবার থেকে অভিযোগ করা হয়, তাঁকে পুলিশ খুন করেছে। গত ২৮ জুন রমনা থানা হেফাজতে অটোরিকশাচালক বাবুল গাজীর মৃত্যু হয়। এ তিনটি ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে উচ্চ আদালত থেকে পুলিশকে বাদ দিয়ে কমিটি গঠন করে এসব ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়।