দারুস সালামে কথিত নারী পীর হত্যায় জঙ্গিরা যুক্ত বলে সন্দেহ
রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় কথিত নারী পীর নূর জাহান বেগম ওরফে খ্যাতা পাগলী (৭২) হত্যায় জঙ্গিরা যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে তদন্তে এখনো কোনো সূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
দারুস সালাম থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সিটি পল্লীর টিনের ঘরে গত ২৯ জানুয়ারি নূর জাহান বেগমের গলা কাটা লাশ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের মিরপুর বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, প্রথমে তাঁরা সন্দেহ করেছিলেন নিহত নারীর সোনার গয়না লুটের জন্য তাঁকে হত্যা করা হয়েছে। তবে এখনো এই হত্যার কোনো সূত্র মেলেনি। হত্যার ধরন দেখে তাঁরা ধারণা করছেন, জঙ্গিরা এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। আগামী সপ্তাহেই মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অথবা গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হতে পারে।
নূর জাহান বেগম হত্যাকাণ্ডের পর তাঁর ভক্ত ও স্থানীয় লোকজন বলেছিলেন, তিনি হাতে ১০টি সোনার আংটি, কানে দুল, দুই হাতে ৭টি সোনার চুড়ি ও গলায় রুপার চেইন পরতেন। মারা যাওয়ার আগেও অনেকেই সেগুলো পরা দেখেছেন। কিন্তু হত্যাকাণ্ডের পর সেই অলংকারগুলো পাওয়া যায়নি। মামলাটির তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক তখন বলেছিলেন, ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে কেউ এই নারীকে খুন করেছে।
গতকাল বৃহস্পতিবার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, এখনো মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তদন্তকাজ চলছে।
এদিকে গতকাল কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তাঁরাও খোঁজখবর করছেন, তবে এখনো জোরেসোরে তদন্ত শুরু হয়নি। হত্যার ধরন দেখে এটা জঙ্গিদের একটা অংশের কাজ বলে মনে হচ্ছে। এর আগে গত কয়েক বছরে জঙ্গিরা রাজধানীসহ বিভিন্ন স্থানে পীর, খানকা, খাদেম ও মাজারকেন্দ্রিক ব্যক্তিদের হত্যা করেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, এ ধরনের মামলাগুলো দীর্ঘদিন সূত্রবিহীন অবস্থায় পড়ে ছিল। পরে কোনো জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর তার তথ্য অনুযায়ী সূত্র মিলিয়ে এর সত্যতা পাওয়া গেছে। যেমন ২০০৩ সালের ২০ জানুয়ারি জয়পুরহাটের কালাই উপজেলায় এক কথিত পীরের খানকায় পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়। ওই সময় এর কোনো সূত্র না মিললেও পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আমির শায়খ আবদুর রহমান (অন্য মামলায় ফাঁসি কার্যকর) টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে অন্য অনেক ঘটনার সঙ্গে এই পাঁচ খুনেও জড়িত থাকার কথা স্বীকার করেন।