দালানকোঠায় ভরা চরাঞ্চল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, এনায়েতনগর ও গোগনগর ইউনিয়নে ব্যাপক শিল্পপ্রতিষ্ঠান ও দালানকোঠা থাকলেও নদীবিধৌত চরাঞ্চল ও পল্লি এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। সিটি করপোরেশন থেকে অনেক দূরে উল্লেখ করে অন্তর্ভুক্ত না করার পক্ষে মতামত দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন পাঠিয়েছেন জেলা প্রশাসক।
‘জনমত যাচাইপূর্বক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ সংক্রান্ত মতামত’ সংবলিত প্রতিবেদনটি পাঠানো হয় গত ১০ নভেম্বর। তবে এলাকার বিশিষ্টজনদের অভিযোগ, ব্যক্তি বিশেষের স্বার্থ রক্ষার্থে জেলা প্রশাসক এমন প্রতিবেদন দিয়েছেন।
প্রতিবেদনে যা আছে: এতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত এলাকা ভৌগোলিকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় এসব এলাকার অধিবাসীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে। অপরপক্ষে তারা প্রান্তিক এলাকার দরিদ্র অনগ্রসর অধিবাসী বিধায় তাদের ওপর করের বোঝা বাড়বে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষেও দূরবর্তী এসব এলাকায় কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে।
গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত এলাকার জনসাধারণের মধ্যে ১৬৫ জন উপস্থিত হয়ে সিটি করপোরেশন সম্প্রসারণের তীব্র বিরোধিতা করেছেন। পক্ষান্তরে মাত্র চারজন পক্ষে মতামত দেন, যারা কাশীপুর ইউনিয়নের অধিবাসী। এনায়েতনগর ও গোগনগর ইউনিয়ন পরিষদের কোনো অধিবাসী সম্প্রসারণের পক্ষে মতামত দেননি।
প্রস্তাবিত এলাকা নদীবিধৌত চরাঞ্চল ও পল্লি অঞ্চল বিধায় এবং অধিকাংশ অধিবাসী দরিদ্র ও কৃষিজীবী হওয়ায় সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী নয় বলে প্রতীয়মান হয়েছে।
বিস্ময়কর প্রতিবেদন: তিনটি ইউনিয়ন ঘুরে ও স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জেলা প্রশাসকের প্রতিবেদনের সত্যতা মেলেনি। সিটি করপোরেশনের সীমানার পাশেই এনায়েতনগর, কাশীপুর ও গোগনগর ইউনিয়ন। শুধু এনায়েতনগরের পঞ্চবটীতে বিসিক শিল্পনগর এবং এর আশপাশের এলাকায় রপ্তানিমুখী পাঁচ শতাধিক নিটওয়্যার কারখানা আছে। অনেক আবাসনপ্রতিষ্ঠান প্লট ও ফ্ল্যাটের ব্যবসা গড়ে তুলেছেন। কৃষিজমি নেই বললেই চলে। পাকা দালান আছে প্রায় ১৫ হাজার।
ঘনবসতিপূর্ণ কাশীপুরের ভোটার ৬৮ হাজার। ১২ হাজার পাকা দালান ও চার হাজার শিল্পপ্রতিষ্ঠান আছে। জমির দাম ও বাড়ি ভাড়া নগরের মতোই। এখানেও তেমন কৃষিজমি নেই। তুলনামূলক একটু বেশি কৃষিজমি আছে গোগনগরের। তবু সেখানে প্রায় পাঁচ শ শিল্পপ্রতিষ্ঠান, সহস্রাধিক পাকা ভবন গড়ে উঠেছে।
নাগরিকেরা যা বলেন: কাশীপুরের বাসিন্দা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হালিম শিকদার বলেন, জেলা প্রশাসকের প্রতিবেদনটি অবাস্তব। কাশীপুরে ১০ শতাংশ কৃষিজমিও খুঁজে পাওয়া যাবে না। শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বন্দর এবং মূল শহর থেকে অনেক দূরে সিদ্ধিরগঞ্জও সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। অথচ সিটি করপোরেশনের লাগোয়া কাশীপুর, গোগনগর, এনায়েতনগর ইউনিয়নকে অনেক দূরে বলে উল্লেখ করা হয়েছে। বন্দর ও সিদ্ধিরগঞ্জে যদি নাগরিক সেবা দিতে পারে, তাহলে পাশের তিনটি ইউনিয়নে দিতে পারবে না—জেলা প্রশাসকের এই যুক্তি অসার ও ভ্রান্ত।
কাশীপুরের আরেক বাসিন্দা কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, কাশীপুরের আড়াই লাখ নাগরিককে সেবা দিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) জনবল মাত্র সাতজন। কাশীপুরের বেশির ভাগ মানুষ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হতে চান। কিন্তু কয়েকজন ব্যক্তি ও গোষ্ঠী ইউনিয়ন পরিষদে নিজেদের প্রাধান্য অক্ষুণ্ন রাখতে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন। জেলা প্রশাসকের প্রতিবেদন সাধারণ মানুষের নয়, বিশেষ স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করেছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, শামীম ওসমান এবার নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন। তিনি মনে করেন, ওই তিনটি ইউনিয়ন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে সেখানে মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রভাব থাকবে এবং তিনি নির্বাচনে পরাজিত হতে পারেন। তাঁর (শামীম ওসমান) প্রভাবেই জেলা প্রশাসক এই প্রতিবেদন দিয়েছেন।
প্রতিবেদনের ব্যাপারে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল প্রথম আলোকে বলেন, সঠিকভাবে জনমত যাচাই করেই প্রতিবেদনটি দেওয়া হয়েছে। তা ছাড়া সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে তিনটি ইউনিয়নে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশও হয়েছে।