দালানঘর, মুদি দোকানের মালিক অতিদরিদ্র!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়ন কাজের শ্রমিকের তালিকায় অনেক সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫৯ জন জাবরহাট ইউনিয়ন তালিকা প্রণয়ন কমিটির বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা গেছে, স্বজনপ্রীতির মাধ্যমে শ্রমিকের তালিকা তৈরি করার কারণে অনেক অতিদরিদ্রের নাম তালিকাভুক্ত হয়নি। শ্রমিকের তালিকায় ৬৬ শতাংশ নারীর নাম রাখার বিধান থাকলেও তা করা হয়নি। শ্রমিক বা অতিদরিদ্র নয়, রাস্তায় গিয়ে কাজও করেন না; তাঁদের নামের মজুরির টাকা পরিশোধ দেখানো হয়—এমন শ্রমিক রয়েছেন মূল তালিকার এক-তৃতীয়াংশ। তালিকার নাম ধরে সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই ইউনিয়নের ‘অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে’ ৮ নম্বর ওয়ার্ডের বৃদ্ধিগাঁও গ্রামের তালিকাভুক্ত (ক্রমিক নম্বর ১৯০) শ্রমিকের নাম অনিল চন্দ্র রায়। মঙ্গলবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল, পাঁচ কক্ষবিশিষ্ট দালানঘর। টিনের চালা স্থাপনের জন্য রাখা আছে কয়েকটি গাছের গুঁড়ি। উঠানে কয়েকটি ধানের পুঞ্জ। আঙিনার এক পাশে শোভা পাচ্ছে ধান মাড়াইয়ের যন্ত্র। আশপাশের লোকজন জানালেন, অনিল চন্দ্র রায় মজুর খাটিয়ে কৃষিকাজ করান। সাত-আট বিঘা জমিতে আবাদ আছে তাঁর। স্থানীয় বাজারে একটি মুদি দোকানের মালিক তিনি।শুধু অনিল চন্দ্র নন, ইউনিয়নের চৌকিদার, দফাদার থেকে শুরু করে পাঁচ থেকে নয় বিঘা জমির মালিক, কাঁচামালের ব্যবসায়ী, বাগানের মালিকের নামও তালিকাভুক্ত করা হয়েছে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে। হাটপাড়া গ্রামের জমি, বাগান ও কাঁচামালের দোকানের মালিক শাহজাহান আলী (তালিকা নম্বর ১৩৮), উঠান ভরা ধান, দালানবাড়ি, পাওয়ার টিলারের মালিক। তিনিও তালিকাভুক্ত শ্রমিক। ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার বৃদ্ধিগাঁও গ্রামের মোকসেদ আলীর (ক্রমিক নম্বর ১৮৩) নামও রয়েছে।উপজেলা প্রশাসন ও পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে এক কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৮৯১ টাকা বরাদ্দ করা হয়। জাবরহাট ইউনিয়নে প্রকল্পের কাজ শুরু করা হয় ২৬ নভেম্বর থেকে। প্রতিটি কর্মদিবসে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সপ্তাহে শনি থেকে বুধবার পর্যন্ত (পাঁচ দিন) কাজ করবেন শ্রমিকেরা। এ জন্য প্রতিজন শ্রমিক দৈনিক ১৭৫ টাকা মজুরি পাবেন। জাবরহাট ইউনিয়নের ‘অতিদরিদ্র শ্রমিক বাছাই কমিটি’র তালিকাভুক্ত শ্রমিক ২০৫ জন। গত মাসের ২৬ তারিখ থেকে সেখানে ৪০ দিনের প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। পিআইওর দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে পাঁচ দিনের মজুরি বাবদ তালিকার মাধ্যমে ব্যাংক থেকে এক লাখ ৮৪ হাজার ৮২৫ টাকা তোলা হয়।কমিটির আহ্বায়ক এবং ইউপি চেয়ারম্যান মো. আবদুস সবির গতকাল বুধবার বলেন, ‘ইউএনও অফিস থেকে ইঙ্গিত আছে, তাই চৌকিদার-দফাদারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছি। এসব কাজে আমি কোনো স্বজনপ্রীতি করিনি।’ ইউএনও মো. আবদুর রউফ মণ্ডল বলেন, ‘উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্তের কাজ চলছে।’তদন্ত কমিটির আহ্বায়ক ফয়সাল আযম বলেন, ‘আমি অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার জাবরহাট ইউনিয়ন কমপ্লেক্সে উভয় পক্ষকে ডেকেছি, তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’