দালাল আইন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান সেক্টর কমান্ডারস ফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা সরকারের প্রতি দালাল আইন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এ আইন প্রতিষ্ঠা করা হলে এখন পর্যন্ত আইনের আওতার বাইরে থাকা যুদ্ধাপরাধীদের চিহ্নিতকরণ সহজ হবে এবং নতুন প্রজন্মের কাছে যুদ্ধাপরাধীরা ঘৃণিত হয়ে থাকবে। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বীর প্রতীক ইনামুল হক চৌধুরীর শোকসভা থেকে এ আহ্বান জানানো হয়। সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় শাখার সাবেক সভাপতি ইনামুল হক চৌধুরী গত বছরের ১৬ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বীর উত্তম। বিশেষ অতিথির বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত সদস্যসচিব সাংবাদিক-মুক্তিযোদ্ধা হারুন হাবীব, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক কেয়া চৌধুরী। সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব সারওয়ার আহমদের সভাপতিত্বে শোকসভায় সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, মুক্তিযোদ্ধা রফিকুল হক, মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী, ইনামুল হক চৌধুরীর সহধর্মিণী মারিয়া ইনাম প্রমুখ বক্তব্য দেন। ১৯৭১ সালের দালাল আইন পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে কে এম সফিউল্লাহ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত-শিবির চক্র নানা অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য দেশবাসীকে দিয়ে যাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।