দালাল আইন পুনরুজ্জীবনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ১৯৭২ সালের দালাল আইন পুনরুজ্জীবনের প্রস্তাব দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সারা দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। আর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা বলেছেন ১৪ দলের সঙ্গে অন্যান্য সমমনা সংগঠনের যোগাযোগের ক্ষেত্রে সমন্বয়হীনতার কথা।

গতকাল সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন।

সভায় ১৪ দলের নেতারা তিনটি সংগঠনের প্রস্তাবের সঙ্গেই সহমত পোষণ করেন। তাঁরা বলেছেন, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তাঁরা এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করবেন।

গত শনিবার অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় সমমনা বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী আজ মঙ্গলবারও কয়েকটি সংগঠনের সঙ্গে মতবিনিময় হওয়ার কথা।

এই দুই দিনের মতবিনিময়ের সারসংক্ষেপ নিয়ে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ১৪ দলের নেতারা।