দালাল আইনে সাজা প্রাপ্তদের তালিকা অস্পষ্ট, স্বরাষ্ট্রে ফেরত দেবে ইসি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো দালাল আইনে সাজাপ্রাপ্তদের তালিকা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে নির্বাচন
কমিশন (ইসি)। কমিশনের বিবেচনায় তালিকাটি অস্পষ্ট। কমিশনের চিঠিতে সাজাপ্রাপ্তদের ব্যাপারে বিস্তারিত
তথ্য চাওয়া হবে।
সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুসারে দালাল আইনে সাজাপ্রাপ্তরা ভোটার হতে পারবেন না। তাই সাজাপ্রাপ্তদের নাম
ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য গত মার্চে নির্বাচন কমিশন সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়।
জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দালাল আইনে সাজা পাওয়া ৪৭ জনের একটি তালিকা কমিশনে পাঠায়।
কমিশন সচিবালয় সূত্র জানায়, এতে রাজবাড়ীর চারজন, চট্টগ্রামের চারজন, কুমিল্লার ৩১ জন, নোয়াখালীর
সাতজন ও ঝিনাইদহের একজনের নাম রয়েছে। দণ্ডিত ব্যক্তিরা কবে, কত দিন জেল খেটেছেন এবং কবে মুক্তি
পেয়েছেন, তার উল্লেখ রয়েছে। তবে তাঁদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে
একটি তালিকা পাঠানো হয়েছে। তবে তালিকাটি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানি না। এ বিষয়ে কমিশন
সিদ্ধান্ত নেবে।’
কমিশন সচিবালয় সূত্র জানায়, তালিকাটি নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। কমিশন জানিয়েছে,
তালিকাটি অস্পষ্ট এবং এর ভিত্তিতে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া সম্ভব নয়।