দালাল আইনে সাজাপ্রাপ্তদের আবার বিচারের আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আবার বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১।
গতকাল বুধবার সংগঠনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলনীতে এ দাবি জানানো হয়। রাজধানীর মহাখালীতে রাওয়া মিলনায়তনে এ সম্মিলনী হয়।
সম্মিলনীতে বক্তৃতা করেন কেবল সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৯৭২ সালে দালাল আইন তৈরি করেছিলেন। এ আইনের আওতায় ওই সময়ে সাড়ে ৩৭ হাজার যুদ্ধাপরাধীকে আটক করে তাঁদের বিচার শুরু হয়েছিল। পরে স্পেশাল কমিশনে দেখা গেল ২৬ হাজার লোক আছেন, যাঁরা কোনো অপরাধ করেননি। শেষ পর্যন্ত ১১ হাজার ৭৫২ জনের বিচার হয়। তাঁদের অনেকেরই সাজা হয়েছিল এবং কয়েকজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। কুষ্টিয়ার মিরপুরের চিকন আলী নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করাও হয়।
সফিউল্লাহ বলেন, এ পরিস্থিতিতে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে সাজাপ্রাপ্ত সব যুদ্ধাপরাধীকে খালাস করে দেন। এ কাজটা করে জিয়াউর রহমান ৩০ লাখ শহীদের ওপর অন্যায় করেছেন। ওই সময়ে সাজাপ্রাপ্তদের আবার বিচারের আওতায় আনার দাবি জানিয়ে কে এম সফিউল্লাহ বলেন, ‘মূলত এই দাবি থেকেই সেক্টর কমান্ডারস ফোরামের জন্ম।’ সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানালেও আরও শক্তিশালী প্রতিবাদ হওয়া প্রয়োজন।
প্রীতি সম্মিলনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব হারুন হাবিব, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ ও মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, সহসভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদ, নুরুল আলম, আনোয়ারুল আলম শহীদ ও মোবাশ্বের হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, দপ্তর সম্পাদক মেজর (অব.) দলিলউদ্দিন আহমেদ প্রমুখ।