দালাল আইনে সাজাপ্রাপ্তদের তালিকা পরিচয়পত্র প্রকল্পে
দালাল আইনে সাজা পাওয়া ৪৭ ব্যক্তির নাম জাতীয় পরিচয়পত্র প্রকল্পের কার্যালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের কারও নাম ছবিসহ ভোটার তালিকায় থাকলে তা বাদ দিতে বলেছে কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশন মুক্তিযুদ্ধ ৭১: দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী বইয়ে প্রকাশিত যুদ্ধাপরাধীদের তালিকা পর্যালোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। কমিশন থেকে এ এস এম সামছুল আরেফিন সম্পাদিত এই বইয়ের কিছু অংশ মুদ্রণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংবিধান অনুযায়ী, দালাল আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নন। তাই দালাল আইনে সাজা পাওয়া ব্যক্তিদের কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন কি না, তা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সম্প্রতি কমিশনের তাগিদ পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দালাল আইনে সাজা পাওয়া ৪৭ জনের তালিকা পাঠানো হয়েছে। কিন্তু কমিশন জানিয়েছে, মন্ত্রণালয়ের পাঠানো তালিকাটি অসম্পূর্ণ।