দালাল ও বিক্রয় প্রতিনিধিদের হাতে নাকাল রোগী-স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হাসপাতালে দালাল ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম্যে রোগী ও তাদের স্বজনেরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। অনেকেই চিকিৎসকের কক্ষে গিয়ে সেবা নিতে পারছে না।২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে কয়েক দিন গিয়ে দেখা গেছে, কর্তব্যরত চিকিৎসকদের কক্ষের সামনে বিক্রয় প্রতিনিধিদের জটলা লেগেই আছে। চিকিৎসকদের কক্ষ থেকে বাইরে আসামাত্র বিক্রয় প্রতিনিধিরা রোগীদের হাত থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছোঁ মেরে নিয়ে ওষুধের নাম লিখে নেওয়ার পর ফেরত দেন। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একই রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন।২২ জুলাই সকালে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের রহমাননগরের গৃহিণী ফাতেমা তুজ জহুরা চিকিৎসকের কক্ষ থেকে ব্যবস্থাপত্র হাতে বের হচ্ছিলেন। সেখান থেকে বাইরে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ-সাতজন বিক্রয় প্রতিনিধি তাঁর হাত থেকে ব্যবস্থাপত্র কেড়ে নিয়ে যান। জহুরা বলেন, ‘পেটব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে দেওয়ার পর জরুরি ভিত্তিতে দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার কথা। কিন্তু চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়া মাত্র ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোকজন ব্যবস্থাপত্র হাত থেকে কেড়ে নিয়ে যায়। একজনের পর আরেকজন। এভাবে ১০ মিনিট ধরে শুধু হাতবদলই হয়।’একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মিনহাজ আহম্মেদ বলেন, প্রতিদিন এই হাসপাতালে গড়ে ৫০-৬০ জন বিক্রয় প্রতিনিধি আসেন। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁরা হাসপাতালে অবস্থান করেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানের ওষুধ লেখার অনুরোধ করতে তাঁরা চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ টি এম নুরুজ্জামানের কক্ষে গিয়ে দেখা যায়, চিকিৎসার জন্য আসা বেশ কয়েকজন রোগী তাঁর কক্ষে দাঁড়িয়ে আছে। সামনের চেয়ারে বসে আছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের একজন বিক্রয় প্রতিনিধি। এ টি এম নুরুজ্জামান বলেন, ‘চিকিৎসকদের কাছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আসা দোষের কিছু নয়।’মোহাম্মদ আলী হাসপাতালের চেয়ে আরও ভয়াবহ অবস্থা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। জুলাইয়ের শেষ সপ্তাহে কয়েক দিন হাসপাতালে গিয়ে দেখা গেছে, দালালদের কাছ থেকে সতর্ক থাকার জন্য এই হাসপাতালের দেয়ালে ‘সাবধান বাণী’ লিখে দেওয়া হলেও থেমে নেই তাঁদের দৌরাত্ম্য। গ্রাম থেকে আসা রোগী ও স্বজনেরা দালালদের হাতে বেশি হয়রানির শিকার হচ্ছে।২৩ জুলাই সদরের পীরগাছা এলাকার রোগী সালেহা বেগম (৪০) অভিযোগ করেন, চিকিৎসককে দেখানোর পর রক্ত ও প্রস্রাব পরীক্ষা করাতে তিনি অপেক্ষা করছিলেন। কম টাকায় এবং দ্রুত পরীক্ষার প্রতিবেদন পাইয়ে দেওয়ার কথা বলে একটি রোগ নির্ণয়কেন্দ্রের একজন লোক তাঁকে বসিয়ে রেখে ৩০০ টাকা নিয়ে গেছেন। কিন্তু দীর্ঘক্ষণেও সেই লোক ফেরেননি।জয়পুরহাট থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সের চালক জেকের আলী বলেন, এই হাসপাতালে এ ধরনের প্রতারণার ঘটনা প্রায়ই ঘটে। হাসপাতালের বহির্বিভাগের প্রধান ফটকে গিয়ে দেখা গেল, ওই স্থান কার্যত দালাল এবং ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও জরিপকারী প্রতিষ্ঠানের কর্মীদের দখলে। এখানেও রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়া মাত্র ব্যবস্থাপত্র কেড়ে নিয়ে যাচ্ছেন। এ নিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডাও হচ্ছে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফজালুর রহমান জানান, বিক্রয় প্রতিনিধিদের বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি দালালদের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।