দালাল চক্র যাত্রীদের ৬০ লাখ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের কথা বলে ২২০ মালয়েশিয়াগামী যাত্রীকে মিয়ানমার উপকূলে তুলে দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল দালাল চক্র। কিন্তু যাত্রীদের কয়েকজন অবস্থা টের পেয়ে দালালদের রশি দিয়ে বেঁধে ট্রলারে ফেলে রাখেন। পরে কোস্টগার্ড টেকনাফের সেন্ট মার্টিন সাগর থেকে গত সোমবার বিকেলে যাত্রীদের উদ্ধার করে টেকনাফে নিয়ে আসেন।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় টেকনাফ থানা প্রাঙ্গণে এসব কথা তুলে ধরেন চুয়াডাঙ্গার আলমনগরের বাসিন্দা মতিউর রহমান (৩২) ও আবদুর রহিম (৩৮)। মাথাপিছু ৩০ হাজার টাকা দালালের হাতে তুলে দিয়ে তাঁরা অন্যদের সঙ্গে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন।
মতিউর রহমান বলেন, এলাকার কাশেম নামের এক দালাল ৩০ হাজার টাকা করে নিয়ে তাঁদের ১২ জনকে চুয়াডাঙ্গা থেকে বাসে কক্সবাজার নিয়ে আসেন। কথা ছিল, কক্সবাজার থেকে থাইল্যান্ডের জাহাজে করে মালয়েশিয়া পাঠানো হবে। কিন্তু ৮ জুলাই রাতে তাঁদের জোরপূর্বক ছোট একটি ট্রলারে তুলে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারের সেলিম মিয়া (৩৩) বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য তিনি স্ত্রীর স্বর্ণ বিক্রির ২৫ হাজার টাকা দালালের হাতে তুলে দেন।
ট্রলারের যাত্রী কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়া বাসিন্দা জালাল আহমদ (৪৩) বলেন, সোমবার ভোররাতে সাগর উত্তাল দেখে ট্রলারের চালক (মাঝি) ও দালালেরা ২২০ মালয়েশিয়াগামী যাত্রীকে মিয়ানমার উপকূলে তুলে দেওয়ার চক্রান্ত করেন। উদ্দেশ্য যাত্রীদের কাছ থেকে পাওয়া প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়া। কিন্তু যাত্রীরা অবস্থা টের পেয়ে মাঝিসহ ছয় দালালকে রশি দিয়ে বেঁধে ফেলেন এবং চলন্ত ট্রলার নিয়ে সেন্ট মার্টিন সাগরে অবস্থান নেন। এরপর কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে।
কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের কমান্ডার কে এম নেওয়াজ বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন মিয়ানমারের নাগরিক। অন্যরা ঢাকা, নরসিংদী, বরিশাল, সাতক্ষীরা, মেহেরপুর, খুলনা, যশোর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা।
অনুসন্ধানে জানা গেছে, আটক ট্রলারটি গত ২৩ জুন মিয়ানমারের আকিয়াব থেকে কাঠ বোঝাই করে টেকনাফ স্থলবন্দরে আসে। টেকনাফের শীলবুনিয়াপাড়ার ব্যবসায়ী মাওলানা বোরহান আহমদ মিয়ানমার থেকে ওই কাঠ নিয়ে আসেন। ৫ জুলাই রাতে কাঠ খালাস করে ট্রলারটি স্থলবন্দর ত্যাগ করে। ৮ জুলাই বিকেলে ট্রলারটি ২২০ যাত্রীসহ কোস্টগার্ড বাহিনীর হাতে ধরা পড়ে।
মাওলানা বোরহান আহমদ বলেন, মিয়ানমারের আকিয়াব থেকে কাঠ পরিবহনের জন্য তিনি ভাড়ায় ট্রলারটি টেকনাফ বন্দরে নিয়ে আসেন। কাঠ খালাসের পর ট্রলারটি ফেরত যায়। কিন্তু মালয়েশিয়াগামী যাত্রী কখন তোলা করা হলো, তা তাঁর জানা নেই।
টেকনাফ থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, আটক ছয় দালালকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে। টেকনাফ স্থলবন্দরে পণ্য নিয়ে আসা ট্রলারে কারা আদম পাচার করছে, তার অনুসন্ধান চলছে।