দালাল চক্রে জিম্মি­ গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নওগাঁ কার্যালয়ে মোটরসাইকেল নিবন্ধন করতে আসেন আজাদুল ইসলাম। নিবন্ধনের নম্বর পেতে সাত দিন বিআরটিএ কার্যালয়ে ঘুরেছেন। অবশেষে ফাইল ছাড়ানোর জন্য এক দালালকে দেড় হাজার টাকা দেন। এর ২০ মিনিটের মধ্যেই তাঁর কাজ হয়ে যায়।
সরেজমিনে গত রোববার বিআরটিএ কার্যালয়ে চোখে পড়ে দালাল চক্রের দৌরাত্ম্য। এখানে সেবা নিতে আসা গ্রাহকদের কার্যালয়ের ভেতরে ঢোকার সুযোগ না থাকলেও দালালেরা যে কেউ যেকোনো কক্ষে ঢুকে পড়ছে। সেবাপ্রত্যাশীদের বোঝার উপায় নেই, এখানে কে বহিরাগত দালাল, আর কারা কর্মকর্তা-কর্মচারী।
নিয়ামতপুর উপজেলা থেকে আসা আজাদুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে মোটরসাইকেল নিবন্ধনের জন্য নির্ধারিত টাকা ব্যাংকে জমা দিয়ে কাগজপত্রগুলো বিআরটিএ অফিসে জমা দিয়েছি প্রাপ্তি স্বীকারপত্রের একটি স্লিপ নেওয়ার জন্য। যে কর্মকর্তার কাছে কাগজপত্র জমা দেওয়া হয়েছে তিনি জানান, তিন দিন পর আসেন। তাঁর কথামতো গত বুধবার অফিসে এসে কাগজ চাইলে ওই কর্মকর্তা ব্যস্ততার কথা বলে জানান, কাগজ এখনো তৈরি হয়নি। পরদিন বৃহস্পতিবার এসেও একই কথা শুনতে হয়। অবশেষে আজ (গতকাল রোববার) নওশাদ নামের এক দালালকে ১ হাজার ৫০০ টাকা দিয়ে কাগজটি ছাড়িয়ে আনলাম।’
পোরশা থেকে আসা মোস্তাফিজুর রহমান জানান, ব্যাংকে নিবন্ধনের নির্ধারিত টাকা জমা দেওয়ার পর সাইদুল নামের এক দালালকে ১ হাজার ২০০ টাকা দিয়ে এক দিনেই কাজ করিয়ে নেন তিনি। প্রায় এক সপ্তাহ আগে কাগজ জমা দেওয়া হয়েছিল। রোববার কাগজ নিতে এলে এক কর্মকর্তা বলেন, ‘আপনার কাগজপত্র এখনো আসে নাই, আপনি একটু সামনে নক করেন।’ সামনে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘এখন কাজের ঝামেলায় আছি, আপনি অন্য দিন আসেন।’ সেখান থেকে বের হয়ে দালালকে টাকা দিয়ে ভেতরে পাঠাতেই তিনি ২০-২৫ মিনিটে গাড়ির নিবন্ধনের কাগজ বের করে আনেন। প্রায় একই অভিজ্ঞতার কথা জানান সেবা নিতে আসা মাহফুজ আলম, আশাদুল ইসলাম ও রেজাউল ইসলাম।
সেবাপ্রত্যাশী ভুক্তভোগীদের অভিযোগ, অতিরিক্ত টাকা ও দালাল ছাড়া বিআরটিএ কার্যালয় থেকে কোনো কাগজ বের করা যায় না। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দালালদের যোগসাজশে এখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী চক্র। তবে সেবাপ্রত্যাশীদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। দিনের পর দিন এমন অবস্থা চললেও এর কোনো প্রতিকার হচ্ছে না। তবে বিআরটিএ কর্মকর্তাদের দাবি, এখানে দালালের কোনো তৎপরতা নেই।
বিআরটিএ কার্যালয়ে দেখা মেলে চারজন দালালের। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ১০-১২ জন লোক এই চক্রের সঙ্গে জড়িত। তারা দ্রুত ও কম টাকায় এখানে আসা সেবাপ্রত্যাশীদের কাজ করে দেয়। মুন্না, সাইদুল ও মাহমুদুল নামের তিন দালাল বলে, তারা এখানে অনেক দিন ধরে কাজ করছে। এখানকার সব কর্মকর্তা-কর্মচারী তাদের পরিচিত। ফলে তারা গেলে দ্রুত কাজ হয়ে যায়। মানুষজন ঝামেলা থেকে রেহাই পায়, বিনিময়ে তারা কিছু বকশিশ নেয়।
বিআরটিএ নওগাঁ অঞ্চলের মোটরযান পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘ফাইল ছাড়তে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। তবে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নাম বলে সাধারণ মানুষের কাছ থেকে দালালেরা টাকা নিতে পারে। আমাদের অজান্তে কেউ ১০ বার বিক্রি হলেও কিছু করার নেই।’
নওগাঁ বিআরটিএর উপপরিচালক (প্রকৌশলী) সুবীর কুমার সাহা বলেন, ‘এই অফিসে দালাল থাকার কোনো সুযোগ নেই। বাইরে কে কী করে, সেটা আমাদের দেখার বিষয় নয়। এখানে আসা সেবাপ্রত্যাশীরা কাগজপত্র জমা দিতে এলে আমাদের একজন অফিস সহকারী রয়েছেন, তিনিই সেগুলো জমা নেন। অন্য কেউ অফিসে আসার সুযোগ নেই। নিয়ম মেনে এখানে সব কাজ করা হয়।’
নওশাদ, মুন্না, মাহমুদুল, সাইদুলের নাম বললে সুবীর বলেন, এই নামের কোনো স্টাফ এই অফিসে নেই। বাইরে গ্রাহকেরা দালালদের টাকা দিয়ে প্রতারিত হলে দায়দায়িত্ব বিআরটিএ অফিসের নয়।