দালাল ঠেকাতে ভূমি কার্যালয়ে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে সম্প্রতি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমি কার্যালয়ের নিরাপত্তা ও দালালদের অপতৎপরতা ঠেকানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ব্যবস্থা নিয়েছে।
ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কার্যালয়টির বারান্দা দীর্ঘদিন ধরে খোলা থাকায় নিরাপত্তার ঘাটতি ছিল। এ কারণে সেখানে ফটকসহ চার পাশে গ্রিল স্থাপন করা হয়। এ ছাড়া বারান্দায় ও কর্মচারীদের কক্ষে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সহকারী কমিশনারের কক্ষ থেকে দুটি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয়।
কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা গত বুধবার বলেন, ‘মূলত কার্যালয়ের নিরাপত্তা ও দালালদের অপতৎপরতা ঠেকানোর জন্য এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটিজেন চার্টারটি (নাগরিক সেবা-সংক্রান্ত তথ্য-সংবলিত সাইনবোর্ড) আগে লোকজনের চোখে পড়ত না। এখন তা কার্যালয়ের সামনে লাগানো হয়েছে। এ ছাড়া এখানে সেবা নিতে আসা লোকজনের জন্য একটি হেল্প ডেস্ক স্থাপন করা হচ্ছে।’