দালাল ঠেকাতে হাসপাতালে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালাল ঠেকাতে প্রায় দুই সপ্তাহ ধরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়েছে।জানা গেছে, শজিমেক হাসপাতালে দালালদের উপদ্রবে চিকিৎসক, রোগী ও রোগীর লোকজন প্রায়ই অতিষ্ঠ হয়। সম্প্রতি দালালদের হাতে হাসপাতালের কয়েকজন কর্মচারী প্রহূত হন। এ ঘটনায় হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। পরে কর্মচারীদের পক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম ৬০-৭০ জন দালালের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া দালাল ঠেকাতে ১৮ অক্টোবর জরুরি বিভাগে প্রবেশের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। এর পর থেকে হাসপাতালের উত্তর পাশের চিকিৎসকদের প্রবেশের ২ নম্বর গেট দিয়ে রোগী ও তাদের সঙ্গে আসা লোকজন যাতায়াত শুরু করে। এ কারণে গেটের সামনে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠে এবং রিকশা, সিএনজিচালিত যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের জটলা সৃষ্টি হয়। এক গেট দিয়েই রোগী, চিকিৎসক, মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও সাধারণ লোকজন যাতায়াত শুরু করায় অধিকাংশ লোকজনকে বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম জানান, জরুরি বিভাগের প্রধান গেট খুলে রাখার প্রয়োজন নেই। গেটটি খোলা থাকলে দালালেরা অবাধে ঢুকে হাসপাতালে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। ১০-১২ দিন আগে মারামারির ঘটনায় দালালদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, এরই মধ্যে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম ও একজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।