মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ
দালাল থেকে মুক্তি চান জমির মালিকেরা
‘এই এলাকার মানুষ বৃহৎ দুটি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য ২ হাজার ৬১৪ একর জমি ছেড়ে দিয়েছে। এতে অন্তত ১৪ হাজার মানুষ বেকার হয়েছে। অথচ জমির ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে ভূমির মালিকেরা হয়রানির শিকার হচ্ছে। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় দালাল ছাড়া মিলছে না ক্ষতিপূরণের চেক। আমরা দালালের খপ্পর থেকে মুক্তি চাই।’
গতকাল শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে মাতারবাড়ী দ্বিতীয় ৭০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপুরণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পুরান বাজার এলাকার লবণচাষি মাহবুব মোর্শেদ।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৪৫ জন জমির মালিককে ১০ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৫৮১ টাকার চেক দেওয়া হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় প্রায় ৭০ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সিকদারপাড়ার লবণচাষি কাউসার সিকদার বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য তিন বছর আগে তাঁর ৩১ একর জমি অধিগ্রহণ করা হয়। এ পর্যন্ত তিনি ক্ষতিপুরণ পেয়েছেন ৬ একর জমির। বাকি ২৫ একর জমির ক্ষতিপূরণের টাকার জন্য ছয় মাস ধরে তিনি ভূমি অধিগ্রহণ শাখায় ধরনা দিয়ে যাচ্ছেন।
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ১ হাজার ৪১৪ একর জমির জন্য একরপ্রতি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ১১ লাখ ২০ হাজার টাকা করে। অথচ একই এলাকায় আরেকটি বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে একরপ্রতি ৩৩ লাখ ৭০ হাজার টাকা করে। একই এলাকায় জমির মূল্য দুই ধরনের হওয়ায় জমির মালিকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। তিনি মূল্য সমন্বয় করে জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
এলাকার মানুষ ক্ষতিপূরণের চেক নিতে গিয়ে যাতে দালালের খপ্পরে না পড়েন, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন সাংসদ আশেক উল্লাহ রফিক।
জেলা প্রশাসক মো. আলী হোসেন স্থানীয় লোকজনের উদ্দেশে বলেন, ‘ক্ষতিপূরণের চেকের জন্য আপনারা কেন দালালের কাছে যাচ্ছেন? কেন দালালের হাতে টাকা দিচ্ছেন?’ অধিগ্রহণের টাকার জন্য কেউ টাকা চাইলে সরাসরি তাঁকে জানাতে অনুরোধ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম।