দালাল থেকে সাবধান করতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুতের সংযোগ নিতে দালালের খপ্পরে না পড়তে এবং অর্থ লেনদেন না করতে গ্রাহকদের সাবধান করতে মাইকযোগে প্রচার শুরু হয়েছে।

গতকাল শুক্রবার থেকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষের নামে এ প্রচার চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ চলছে। সর্ম্পূণ বিনা মূল্যে এ কাজ করা হচ্ছে। কিন্তু সংযোগ দেওয়ার নামে বিভিন্ন এলাকায় কিছু দালাল অর্থ লেনদেন করছে বলে অভিযোগ ওঠায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে সতর্ক করার জন্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলার নিজামগাঁতী গ্রামের পাঁচজন বাসিন্দা বলেন, যাঁরা বিদ্যুতের সংযোগ নিতে ইতিমধ্যেই দালালদের হাতে টাকা তুলে দিয়েছেন, তাঁদের কী হবে?

এ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম খান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত শতভাগ বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য রায়গঞ্জ উপজেলায় কাজ চলছে। স্বচ্ছতার সঙ্গে এ কাজ সম্পন্ন করতে জনসাধারণকে সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে।