দালাল থেকে সাবধান থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ নিতে দালাল থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে আরও বলা হয়েছে, পল্লী বিদ্যুতের নির্ধারিত ফরম ছাড়া টাকা লেনদেন করা যাবে না।
দুই দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নামে এ মাইকিং করা হচ্ছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের একটি সূত্র জানায়, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হচ্ছে। অগ্রাধিকার ও আবেদনের সময় অনুযায়ী তালিকা করে এ সংযোগ দেওয়া হয়। কিন্তু এক শ্রেণির দালাল গ্রাহকদের সংযোগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।
মাইকিং শুনে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রণতিথা এলাকার বাসিন্দা আবদুল হামিদ মুন্সি বলেন, ‘অনেকে টাকার বিনিময়ে সংযোগ নেওয়ার প্রস্তাব দিলেও তাতে কান দিইনি। মাইকিং শুনে আশ্বস্ত হলাম যে টাকা ছাড়া নিয়ম অনুযায়ী সংযোগ পাওয়া যাবে।’
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নিয়াজ উদ্দিন গতকাল রোববার বলেন, সংযোগ-প্রত্যাশী গ্রাহকদের নানা রকম হয়রানি বন্ধ করতে মাইকিং করা হচ্ছে।