চট্টগ্রাম নগরের মনসুরাবাদ বিভাগীয় কার্যালয়ে দালাল ধরে গেলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা মেলে। এ জন্য কিছু দালালকে পরিচয়পত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের পদবি দেওয়া হয়েছে ‘আউটসোর্সিং কর্মচারী’। গ্রাহকদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া তাঁদের কাজ বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, চট্টগ্রাম পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ নিয়মে পাসপোর্ট মেলে না। দীর্ঘদিন ঝুলে থাকে আবেদনপত্র।
খোঁজ নিয়ে জানা যায়, মনসুরাবাদ পাসপোর্ট কার্যালয়ে নিজস্ব ৩২ জন কর্মচারী কাজ করেন। এ ছাড়া প্রকল্পের অধীনে আছে আরও পাঁচজন, যাঁরা আউটসোর্সিং কর্মী হিসেবে পরিচিত। সেনাবাহিনীর আরও সাতজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। আউটসোর্সিং কর্মীরা সরাসরি ঢাকা থেকে নিয়োগ পেয়েছেন। এর বাইরে কিছু দালালকে আউটসোর্সিং কর্মচারী হিসেবে পরিচয়পত্র দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, নির্দিষ্ট কিছু দালালকে পরিচয়পত্র দেওয়া হয়েছে, যাঁদের একজনের নাম মো. আশরাফ উদ্দিন। তাঁকে আউটসোর্সিং কর্মচারী হিসেবে পরিচালক ফজলুল হক নিজেই সই করে পরিচয়পত্র দেন। আশরাফ উদ্দিন নামের কোনো বৈধ কর্মচারী আছে কি না যাচাই করে এর প্রমাণ পাওয়া যায়নি। পাসপোর্ট কার্যালয়ের পরিচালক ফজলুল হক যে পাঁচজনের নাম দেন, তার মধ্যে আশরাফ নামের কেউ নেই।
অভিযোগ প্রসঙ্গে মনসুরাবাদ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহা. ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আউটসোর্সিং পাঁচজনের বাইরে কেউ নেই। আর দালালদের দিয়ে পাসপোর্ট করানোর অভিযোগও সঠিক নয়।’
গ্রাহকদের হয়রানি প্রসঙ্গে ফজলুল হক বলেন, ‘বিদেশে কেউ পাসপোর্ট বানালে কিংবা জালিয়াতির কোনো অভিযোগ পাওয়া গেলে অথবা যেসব ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের সুযোগ ছিল না, এমন গ্রাহকদের আবেদন পুলিশি তদন্তের জন্য পাঠানো হয়। সরকারি নিয়মের বাইরে গিয়ে আমাদের কিছু করার থাকে না।’
আশরাফ উদ্দিন নামের দালাল আছেন বলে গ্রাহকেরা অভিযোগ করেছেন। ওই দালালের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে পাসপোর্ট কার্যালয়ের একজন দালাল নাম প্রকাশ না করে বলেন, ‘আশরাফ ছাড়া আরও অনেকে কাজ করেন “মিডিয়াম্যান” হিসেবে। আমাদের কিছু টাকা দিলে আবেদনকারীদের সমস্যায় পড়তে হয় না। আমরাই সবকিছু ম্যানেজ করে ফেলি।’
যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) জন্য জাহাঙ্গীর আলম নামের একজন আবেদনকারী প্রথম আলোকে বলেন, ‘আমার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই জানুয়ারির তৃতীয় সপ্তাহে এমআরপির জন্য আবেদন করি। এ জন্য সরাসরি পরিচালকের সঙ্গে দেখা করি, যাতে দ্রুত পাসপোর্ট পাওয়া যায়। পরিচালক ফজলুল হক নানা অছিলায় আমাকে তিন দিন পাসপোর্ট কার্যালয়ে লেফট-রাইট করান।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘পুলিশি তদন্তে আমার আপত্তি নেই। কারণ আমি তো সরকারকে কর দিই, আমার পরিচিতি আছে সমাজে। আমার বিরুদ্ধে একটি জিডি নেই। পুরোনো পাসপোর্ট দিয়ে আমি পবিত্র হজ পালন করেছি। অন্য দেশেও গিয়েছি। দালাল ধরে না যাওয়ার কারণেই কী আমার আবেদনপত্র তদন্তে পাঠানো হলো?’