পলাশ সরকার নামের এক ব্যক্তি তদবির করে বিকাশ সাহা নামের (২০) এক ছাত্রকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এ জন্য পলাশকে ২১ লাখ টাকা দেওয়া হয়। আরও ৫০ হাজার টাকা না দেওয়ায় পলাশ ও তাঁর লোকজন গতকাল রোববার বিকাশকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত বিকাশকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাশ এনাম মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামনদহ গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে। সাভারে একটি ভাড়া বাসায় থেকে বিকাশ পড়ালেখা করেন।
বিকাশ বলেন, এবার এনাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য তিনি প্রথমে তাঁর প্রতিবেশী পলাশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। পলাশ তাঁকে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ লাখ টাকা দাবি করেন। তাঁর বাবা ধার-দেনা ও জমি বিক্রি করে পলাশকে ২০ লাখ টাকা দেন। এরপর পলাশ আরও এক লাখ টাকা দাবি করেন। ওই এক লাখ টাকা দেওয়ার পর পলাশ আরও ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন। তাঁর বাবা ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
বিকাশ অভিযোগ করেন, গতকাল বিকেল পাঁচটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার পর পলাশ তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পলাশ ও তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পলাশ বলেন, ‘আমি তদবির করে বিকাশকে এনাম মেডিকেলে ভর্তি করে দিই। ভর্তির সময় ২১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তাঁরা আমাকে ২১ লাখ টাকা দেন। বাকি ৫০ হাজার টাকা না দেওয়ায় বিকাশকে চড় মেরেছি।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান সাংসদ এনামুর রহমান বলেন, এখানে ভর্তির জন্য কোনো দালাল ধরার প্রয়োজন নেই। মেধা আর নিয়ম অনুযায়ী ফি দিলেই ভর্তি হওয়া যায়। অতিরিক্ত টাকার জন্য বিকাশকে নির্যাতনের বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে পলাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকাশের পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।