দালালদের উৎপাতে অতিষ্ঠ রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দালালদের উৎপাতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে আসা রোগীদের নানান ভয় দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে দালালচক্র।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিন আশপাশের অন্তত ১৫-২০টি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের ২৫-৩০ জন দালালকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে ঘোরাফেরা করতে দেখা যায়। এর মধ্যে বোরকা পরা নারী দালালের সংখ্যাই বেশি। এই নারীরা রোগী সেজে চিকিৎসকের কক্ষে ঢুকে পড়েন। এরপর চিকিৎসক ব্যবস্থাপত্র লেখা শেষ করলেই রোগীর হাত থেকে ব্যবস্থাপত্র নিয়ে নেন তাঁরা। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের সেসব রোগনির্ণয় কেন্দ্রে যেতে বাধ্য করা হয়। অসুস্থ রোগী এলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসা হয় না বলে দালালেরা ভয় দেখিয়ে তাঁদের ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে অটোরিকশায় করে অসুস্থ এক নারীকে জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। এ সময় ফটকের সামনে ৮-১০ জন দালাল অটোরিকশাটিকে ঘিরে ধরে। একপর্যায়ে স্ট্রেচার নিয়ে সেখানে হাজির হন বোরকা পরা দুই নারী। বুকে ব্যথা নিয়ে আসা সুরাইয়া বেগমকে (৩৫) তাঁরা স্ট্রেচারে তুলে ভেতরে নিয়ে যান। হাসপাতালের জরুরি ও বহির্বিভাগ—দুই জায়গায় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ সুরাইয়াকে দুই নারী হাসপাতালের পাশেই একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে যান।
সুরাইয়া বেগম বলেন, বুকে ব্যথা নিয়ে তিনি এক সপ্তাহ আগেও একবার হাসপাতালে এসেছিলেন। তখন তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসক গোলাম মহিউদ্দিন নির্দিষ্ট একটি রোগনির্ণয় কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু ওই রোগনির্ণয় কেন্দ্রে না গিয়ে অন্য জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করানোয় সেগুলো বাতিল করে দেন চিকিৎসক। চিকিৎসক নতুন করে তাঁর নির্দেশিত রোগনির্ণয় কেন্দ্রে পরীক্ষা করতে বলেছেন তাঁকে। আরেক রোগী সাবিনা আক্তার বলেন, ‘১১২ নম্বর কক্ষে চিকিৎসক আবুল কালাম আজাদকে দেখানোর পর দালালেরা আমাকে ঘিরে ধরে। ব্যবস্থাপত্রটি হাত থেকে জোর করে নিয়ে রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। আমি তাদের কথামতো রোগনির্ণয় কেন্দ্রে না গিয়ে হাসপাতালের ভেতরে পরীক্ষা করতে দিই।’ বিকেলে গোলাম মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতিদিন আমাকে ৮০ থেকে ৯০ জন রোগীকে চিকিৎসা দিতে হয়। রোগীর চাপে অনেকটা দিশেহারা হয়ে যাই। এর মধ্যে নারীরা বোরকা পরে রুমে ঢুকে পড়েন। রোগীরা আমার রুম থেকে বের হওয়া মাত্র দালালদের খপ্পড়ে পড়েন।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘দালালেরা কী করল, না করল—সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকা আমার কাজ নয়। আমাকে অন্য সব কাজ করতে হয়। আর হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসা দেবেন, নাকি দালালদের দৌড়াবেন।’
সিভিল সার্জন শহিদুল ইসলাম বলেন, ‘এক মাস আগেও হাসপাতালের ভেতর থেকে ছয়জন দালালকে ধরে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারপরও দালালেরা থামছে না। প্রয়োজনে আবার ভ্রাম্যমাণ আদালত পাঠানো হবে। এসব দালালের সঙ্গে কোনো চিকিৎসকের সম্পৃক্ততা থাকলে তাঁকে ধরলেও আমার কোনো আপত্তি থাকবে না।’