দালালদের কবল থেকে ফিরল কিশোর খাদেমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের খাদেমুল (১৪) গত ফেব্রুয়ারিতে দালালের মাধ্যমে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিয়ে নিখোঁজ হয়েছিল। গত বুধবার রাতে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে খাদেমুলকে তার বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, খাদেমুল গত ফেব্রুয়ারি মাসে তার মামা মানব পাচারকারী চক্রের সদস্য ক্ষেতলাল উপজেলার সুজাপুর গ্রামের মাসুদের প্রলোভনে পড়ে কাউকে কিছু না বলে মালয়েশিয়ায় পাড়ি জমায়। সমুদ্রপথে নানা দুর্ভোগের পর খাদেমুল গিয়ে ধরা পড়ে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যদের হাতে। সেখান থেকে ছাড়া পেয়ে সমুদ্রে ভেসে ইন্দোনেশিয়ার একটি আশ্রয়শিবিরে অন্য অভিবাসীদের সঙ্গে ঠাঁই হয় খাদেমুলের। এরপর বাংলাদেশ সরকারের চেষ্টায় ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে আসে সে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকার পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের মাধ্যমে বুধবার রাতে খাদেমুলকে তার বাবা খলিলুর রহমান ও মা খালেদা বেগমের হাতে তুলে দেওয়া হয়। জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানের রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট কার্যালয়ে খাদেমুলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খাদেমুল সাংবাদিকদের বলে, মানব পাচারকারী চক্রের দালাল তার মামা মাসুদের প্রলোভনে পড়ে সে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা করেছিল। এ জন্য দালালদের হেফাজতে থাকা অবস্থায় মুঠোফোনে মা-বাবাকে দিয়ে বিকাশের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা তাদের দিতে হয়েছে।
খাদেমুল আরও বলে, সমুদ্রে জাহাজে থাকা অবস্থায় তার চোখের সামনে এক ছেলেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তাকে ডুবে মরতে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। আর মিয়ানমারে নৌবাহিনীর সদস্যরা তাদের দ্রুত পালিয়ে যেতে বলেন। অন্যথায় গুলি করে মারার হুমকি দেন। খালেদা বেগম বলেন, ছেলে নিখোঁজ হওয়ায় প্রায় সাত মাস তিনি দুর্বিষহ সময় কাটিয়েছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।
ক্ষেতলাল থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, মাসুদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মানব পাচারের অভিযোগে একাধিক মামলা আছে। মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারও ক্ষেতলাল থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।
ফরিদপুরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
ফরিদপুর অফিস
ফরিদপুরে জাকারিয়া শেখ ওরফে হৃদয় (১৬) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরতলির বায়তুল আমান এলাকার রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে।
জাকারিয়া শেখ বায়তুল আমান টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। সে দক্ষিণ কমলাপুর এলাকার মানিক শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী বলেন, বুধবার বিকেলে ফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুর এলাকার জাকারিয়া ও নাহিদ (১৬) বায়তুল আমান এলাকার রেললাইনের ৭ নম্বর সেতুর নিচে বসে ছিল। এ সময় পাঁচ-ছয়জন তরুণ এসে তাদের পেটায়। এতে জাকারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নাহিদ আহত হয়। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নাহিদ বলে, ‘স্থানীয় পাট্টাদারকান্দি এলাকার জুয়েল, আলাউদ্দিনসহ পাঁচ-ছয়জন তরুণ এসে জাকারিয়াকে বলে, “তুই আলাউদ্দিনের ভাগনিকে উত্ত্যক্ত করিস”। এরপর তারা রড ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আমাদের পেটাতে থাকে। একপর্যায়ে আমি পাশের পুকুরে পড়ে যাই।’ নাহিদ বলে, তারা আলাউদ্দিনের ভাগনিকে চেনে না।