দালালদের টানাহেঁচড়ায় প্রসূতির মৃত্যু
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের টানাহেঁচড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের আবদুল বিশ্বাসের স্ত্রী পারভীন খাতুনকে (৩০) গতকাল শনিবার সকাল সাতটা ৪০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক রাকিব উদ্দিন তাঁকে আলট্রাসনোগ্রাফি করার উপদেশ দেন। এ সময় পাশে থাকা সেতু ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী কথিত দালাল সেলিম রেজা রোগীর লোকদের তাড়াতাড়ি আলট্রাসনোগ্রাফ করার জন্য চাপ দিতে থাকেন। নার্সদের নিষেধ সত্ত্বেও সেলিম রেজাকে চিকিৎসক ভেবে রোগীর স্বজনেরা আলট্রাসনোগ্রাফি করতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। রোগীর শরীরে চলতে থাকা স্যালাইন খুলে নিয়ে যাওয়ার পথেই সকাল ১০টার দিকে পারভীন খাতুন মারা যান। পারভীনের শাশুড়ি ইনসান বেগম বলেন, ‘আমার বউর মৃত্যুর জন্য সনোয়ালাই দায়ী।’সেতু ডায়াগনস্টিকের মালিক মো. সেলিম রেজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।