দালালদের দখলে পাসপোর্ট কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পাসপোর্ট করতে আসা লোকজন নানা হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের ডেকে নিচ্ছেন দালালেরা। টাকা দিলে সঙ্গে সঙ্গে তাঁরা সেই কাজ করিয়ে দিচ্ছেন। তবে কর্তৃপক্ষ হয়রানির অভিযোগ অস্বীকার করে দালালের কাছে যেতে নিষেধ করেছে।
রাজশাহী নগরের শালবাগান এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার পাসপোর্ট করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, আবেদনপত্র জমা দিতে গেলে বেশির ভাগ আবেদনই ত্রুটিপূর্ণ বলে ফেরত দেওয়া হয়। আর পাসপোর্ট কার্যালয়ের গেটেই দাঁড়িয়ে থাকেন একদল দালাল। তাঁরা বলতে থাকেন, তাঁদের হাতে দিলে এখনই কাজ করিয়ে দেবেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষ বাধ্য হয়ে একপর্যায়ে দালালের হাতে ফরম ছেড়ে দিচ্ছেন।
আবার ফরম জমা দেওয়ার পর আঙুলের ছাপ নেওয়ার জন্য আরেকটি তারিখ দেওয়া হয়। সাধারণত ছয় হাজার টাকা ফি দিয়ে যাঁরা জরুরি পাসপোর্টের জন্য আবেদন করেন, তাঁদের সাত কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়ার কথা, আর সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে ১৫ কর্মদিবসের মধ্যে দেওয়ার কথা। কিন্তু দালাল ছাড়া নিজে ফরম জমা দিলে ২০-২৫ দিন পর আঙুলের ছাপ নেওয়ার দিন দেওয়া হয়। তারপর শুরু হয় সাত কর্মদিবস। তার পরও সাত কর্মদিবসে পাসপোর্ট পাওয়া যায় না। তখন বলা হয়, পুলিশি প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পাসপোর্ট পাবেন।
অভিযোগ রয়েছে, যাঁদের ২০ দিন পরে আঙুলের ছাপ নেওয়ার দিন দেওয়া হয়, দালালের মাধ্যমে গেলে পরের দিন, এমনকি ফরম জমা দেওয়ার দিনই আঙুলের ছাপ নিয়ে নেওয়া হয়।
এসব অভিযোগের সত্যতা যাচাই করতে পাসপোর্টের জন্য গত ২৯ মে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। যথরীতি সেই আবেদনপত্রের একটি ত্রুটি ধরে ফেরত দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আবেদনপত্রটি একজন দালালের হাতে দেওয়া হয়। দালাল এক হাজার ৩৫০ টাকা দাবি করলে সেই টাকা দেওয়া হয়। কিছুক্ষণ পরেই তাঁর মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া হয় এবং আঙুলের ছাপও নেওয়া হয়। পাসপোর্ট দেওয়ার কথা ছিল ৯ জুন। ওই দিন আবেদনকারীকে পাঠানো হয়। কিন্তু কাউন্টার থেকে বলা হয়, পাসপোর্ট তৈরি হয়নি। তাঁকে উপপরিচালকের সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে পাঠানো হয়। তিনি কম্পিউটার খুলে দেখান, পাসপোর্টের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পরে ১৬ জুন সন্ধ্যায় আবেদনকারীর মুঠোফোনে খুদে বার্তা আসে। ১৭ জুন পাসপোর্টটি হাতে পাওয়া যায়।
উপপরিচালকের সঙ্গে কথা বলার জন্য গতকাল সোমবার রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে গিয়ে দেখা যায়, এর বাইরের গেটেই চার-পাঁচজন দালাল দাঁড়িয়ে রয়েছেন। একজন লোক দালালদের এড়িয়ে কার্যালয়ের ভেতরে চলে গেছেন। এই ক্ষোভে দালালেরা সেখানে কর্মরত একজন নিরাপত্তাকর্মী ডেকে বকাঝকা করছেন। একজন বলছেন, ‘তাহলে আমাদের দুই হাজার টাকা দাও।’
উপপরিচালক মধুসূদন সরকার সব অভিযোগের কথা শুনে বলেন, ‘এগুলো সত্য নয়। ধরিয়ে দিলে এখনই ব্যবস্থা নেব।’
উপপরিচালক বলেন, ‘দালাল তো আপনার এলাকার ছেলে। করে খাচ্ছে। একবার তাদের ধরে থানায় দেওয়া হয়েছিল। পুলিশ সেদিনই তাদের ছেড়ে দিয়েছে।’
একটি জরুরি পাসপোর্টের ২০ দিন পরে কেন আঙুলের ছাপ নেওয়ার তারিখ দেওয়া হয়—জানতে চাইলে মধুসূদন সরকার বলেন, এটা কাজের চাপের ওপর নির্ভর করে দেওয়া হয়। কিন্তু দালালকে দিলে কীভাবে তখনই হয়? তিনি বলেন, ‘এটা ঠিক না।’ এ সময় প্রথম আলোর পক্ষ থেকে আঙুলের ছাপ নেওয়ার জন্য লম্বা তারিখ দেওয়া হয়েছে—এমন একজন আবেদনকারীর আঙুলের ছাপ দালালের মাধ্যমে ওই দিনই নিয়ে দেওয়া হবে। এর জবাবে উপপরিচালক আর কোনো কথা বলেননি।