দালালদের দাপটে অসহায় পাসপোর্ট প্রত্যাশীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা আর দালালদের দাপটে অসহায় হয়ে পড়েছেন খুলনা পাসপোর্ট কার্যালয়ে আসা পাসপোর্ট প্রত্যাশীরা। এই কারণে হয়রানির শিকার হচ্ছেন পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ। হয়রানি থেকে রেহাই পেতে দালালদের শরণাপন্ন হয়ে তাঁদের অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা গুনতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিলে কর্তৃপক্ষ নানা রকম ভুল ধরে তা দফায় দফায় সংশোধনের জন্য ফিরিয়ে দেন। এভাবে আবেদনকারীরা মাসের পর মাস ঘুরতে ঘুরতে বাধ্য হয়ে দালালদের সহায়তায় আবেদনপত্র জমা দেন। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ দালালদের সঙ্গে যোগসাজশে এ কাজ করছে। ভুক্তভোগীরা আরও জানান, দালালদের মাধ্যমে আবেদনপত্র জমা দিলে পাসপোর্ট অপেক্ষাকৃত কম সময়ে পাওয়া যায়। সরেজমিনে গত সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাসপোর্ট কার্যালয়ে অবস্থান করে দেখা গেছে, পাসপোর্ট করার লোকের চেয়ে দালালদের ভিড় বেশি। নগরের দৌলতপুর থেকে পাসপোর্ট করতে আসা আশীষ গোলদার বলেন, ‘আমি বেশ কয়েক দিন ঘুরেও আবেদনপত্র জমা দিতে পারিনি। কারণ আবেদনপত্র যাঁরা জমা নিচ্ছেন, তাঁরা জোর করে ভুল ধরছেন। এভাবে প্রায় দেড় মাস ঘোরার পর দালালকে এক হাজার টাকা দিয়ে আবেদনপত্র জমা দিয়েছি। কর্তৃপক্ষ ও দালালেরা মিলে এখানে ঘুষের রাজত্ব কায়েম করেছে। এখানে ঘুষ ছাড়া আবেদনপত্র জমা দেওয়া সম্ভব নয়।’পাসপোর্ট কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, সারা দেশে একই অবস্থা। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। অনেকে এ কার্যালয়ে বদলি হয়ে আসার জন্য ঘুষ দিয়েছেন। এখন তাঁরা সেই টাকা তোলার চেষ্টা করছেন। পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘আবেদনপত্রটি শুদ্ধ করে জমা দেওয়ার নিয়ম। কেউ যদি অজ্ঞাতবশত দালাল ধরে আবেদনপত্র জমা দেন, তাহলে আমরা কী করব। তা ছাড়া আমি নিয়মিত খোঁজ রাখি। তবে তেমন কিছু যদি হয়ে থাকে তা আমার অগোচরে হয়েছে।’