ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতিদিনই প্রতারিত হচ্ছে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসাসেবা নিতে আসা লোকজন।খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দালালেরা সকাল থেকে দুপুর পর্যন্ত সক্রিয় থাকে। তারা নানা ফন্দিফিকির করে হাসপাতালে আসা রোগীদের আশপাশের ক্লিনিকে পাঠায়। বিনিময়ে তারা ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ পায়।শেরপুরের নকলা থেকে চিকিৎসা নিতে আসা আমির হোসেনের সঙ্গে ২৯ সেপ্টেম্বর কথা হয় এই প্রতিবেদকের। আমির জানান, তিনি হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাটতে গেলে একজন দালাল তাঁর পিছু নেয়। তিনি প্রথমে বুঝে উঠতে পারেননি। ওই দালাল উন্নত চিকিৎসার কথা বলে নানাভাবে ভুলিয়েভালিয়ে তাঁকে হাসপাতালের বাইরে নিয়ে যায়। প্রধান ফটকের কাছে পৌঁছালে ওই দালালের মুঠোফানে কল আসে। তখন সে আরেক দালালের কাছে তাঁকে হস্তান্তর করে চলে যায়। তখন তিনি দালাল চক্রের খপ্পরে পড়তে যাচ্ছেন বুঝতে পেরে সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন।একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্রয় প্রতিনিধি প্রথম আলোকে বলেন, দালাল চক্র খুবই তৎপর। এরা গ্রাম থেকে আসা মানুষের মুখ দেখেই বুঝতে পারে। তারপর তাদের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে। তিনি আরও বলেন, বিষয়টা এখন ‘ওপেন সিক্রেট’। কর্তৃপক্ষ জেনেও কিছুই করতে পারছে না।হাসপাতালের একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে দালালদের দৌরাত্ম্য এতটাই যে, গ্রামের রোগীরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছে না। শহরের বাসস্ট্যান্ডগুলোতে কিছু রিকশাচালকের সঙ্গে দালালদের আঁতাত রয়েছে। সহজ-সরল রোগীরা হাসপাতালে যাওয়ার জন্য এসব রিকশায় চড়লে চালকেরা ‘কমিশনের বিনিময়ে’ রোগীদের দালাল চক্রের হাতে তুলে দেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, দালালদের বিষয়ে সরাসরি কেউ অভিযোগ দিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা এদের নিয়ন্ত্রণের চেষ্টা সব সময়ই করছি। আমি ব্যক্তিগতভাবে হাসপাতালের সবাইকে বলে দিয়েছি, কাউকে প্রতিদিন ঘুরতে দেখলে যেন আমার কাছে নিয়ে আসে।’