দালালদের দৌরাত্ম্যে হিমাগারে ভিড়তে পারছেন না কৃষক
রাজশাহীতে এবার হিমাগারের ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি আলু হয়েছে। হিমাগারে এসব আলু রাখার পর্যাপ্ত জায়গা নেই। আর ব্যবসায়ী ও এজেন্টদের দৌরাত্ম্যে কৃষকেরা হিমাগারে আলু রাখতে পারছেন না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় সূত্র জানায়, এবার জেলায় ৩৫ হাজার ১৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎ পাদনের লক্ষ্যমাত্রা ছিল ছয় লাখ ১৫ হাজার ৩০০ মেট্রিক টন। জেলায় ২৬টি হিমাগার রয়েছে। এগুলোর ধারণক্ষমতা দুই লাখ ২২ হাজার মেট্রিক টন।আলুচাষিরা বলছেন, এক দিকে হিমাগারে জায়গা হচ্ছে না, অন্য দিকে এজেন্ট ও দালাল ছাড়া কোনো কৃষককে আলু রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত টাকাও গুনতে হচ্ছে। এ ছাড়া প্রতিটি হিমাগারের আলুবীজের ব্যবসা রয়েছে। হিমাগার থেকে বীজ নিয়ে যেসব চাষি আলুর চাষ করেছেন, হিমাগার কর্তৃপক্ষ শুধু তাঁদের বীজ আলু সরাসরি নিচ্ছেন। অন্য চাষিরা হিমাগারে জায়গা পাচ্ছেন না।রাজশাহী বীজ আলু উৎ পাদক সমিতির প্রচার সম্পাদক আবু সালেহ মো. ফাত্তাহ বলেন, জেলায় ২৬টি হিমাগারে চার শতাধিক ব্যবসায়ী আলু কিনে মজুদ করছেন। অথচ প্রকৃত কৃষকেরা হিমাগারে জায়গা পাচ্ছেন না। তিনি বলেন, ব্যবসায়ীরা এখন আলু কিনে হিমাগারে রেখে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে নিচ্ছেন। তিনি বলেন, রাজশাহীর বাজারে প্রতি কেজি আলু ছয় থেকে আট টাকায় বিক্রি হচ্ছে। মাঠে কৃষকেরা এর প্রায় অর্ধেক দাম পাচ্ছেন। এমন পরিস্থিতিতে কৃষকেরা আলু সংরক্ষণও করতে পারছেন না। এই সুযোগে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা।মোহনপুর উপজেলার আলুচাষি ইলিয়াস আলী বলেন, তাঁর এবার প্রায় ৮০০ বস্তা (প্রতি বস্তায় ৮৫ কেজি) আলু হয়েছে। তিনি কোনো হিমাগারে আলু রাখার জায়গা পাচ্ছেন না। পবা উপজেলার ঘিপাড়া গ্রামের বীজ আলুর চাষি মুস্তাফিজুর রহমান বলেন, এবার তাঁর এক হাজার বস্তা আলু হিমাগারে রাখা দরকার। একটি হিমাগারে ২০০ বস্তা আলু রাখার বুকিং দিয়েছিলেন। এখন তাঁর বরাদ্দ থেকে ২০ শতাংশ জায়গা কমিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি বাকি আলু রাখার কোনো জায়গা পাচ্ছেন না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর শস্য উৎ পাদন বিশেষজ্ঞ মুনসুর রহমান বলেন, এবার জেলায় যে পরিমাণ আলু হয়েছে, তা রাখার জায়গা হিমাগারগুলোতে নেই। দালালের দৌরাত্ম্য এবং বীজ আলুর চাষিদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, কৃষকেরা এ বিষয়গুলো তাঁদের জানাননি। জানালে তাঁরা বিষয়টি সমন্বয় কমিটি বা সার্ভিস মনিটরিং কমিটির সভায় তুলতে পারতেন।