রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, ভারত বা নেপালের একজন শ্রমিকের বিদেশে যেতে যে খরচ হয়, বাংলাদেশের একজন শ্রমিকের খরচ হয় তার চেয়ে কয়েক গুণ বেশি। এর কারণ দেশে-বিদেশে থাকা দালালেরা। এই দালালদের নিয়ন্ত্রণ করতে না পারলে অভিবাসন খরচ নিয়ন্ত্রণে আনা কঠিন।
বেসরকারি সংস্থা ব্র্যাক গতকাল শনিবার ‘বিদেশে কর্মসংস্থান: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। অভিবাসীদের স্বার্থ রক্ষায় ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টকে (জিএফএমডি) সামনে রেখে মহাখালীর ব্র্যাক সেন্টারে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা বলেন, ‘একসময় মেয়েদের বিদেশে যেতে টাকা লাগত। এখন উল্টো তাদের টাকা দিয়ে বিদেশে পাঠানো হয়। পুরুষদের পাঠানোর ক্ষেত্রেও অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে হবে। তবে এ ক্ষেত্রে চাহিদা ও সরবরাহ গুরুত্বপূর্ণ বিষয়। এখন বেশি চাহিদা আসছে, খরচ কমতে শুরু করেছে।
অনুষ্ঠানে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব রুহুল আমিন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব এবং বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য কাজী আবুল কালাম, বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপপ্রধান কে এম আলী রেজা প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিদেশফেরত কয়েকজন কর্মী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা নানা সমস্যা তুলে ধরেন।