রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দালাল ছাড়া ফেরি পারাপারের টিকিট মিলছে না বলে অভিযোগ করেছেন ট্রাকের চালকেরা। দালালেরা এ জন্য টিকিটের দামের অতিরিক্ত ৫০০ থেকে ১ হাজার টাকা করে আদায় করছেন।
আটকে থাকা গাড়ির চালক ও ঘাট-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীতে এখন প্রচণ্ড স্রোত। তাই যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ও পাটুরিয়ার দুই ফেরিঘাটে প্রতিদিন শত শত গাড়ি আটকা পড়ছে। এ সুযোগে স্থানীয় দালাল চক্র ট্রাকের চালকদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে। সামনে ঈদ হওয়ায় এ চক্রের তৎপরতা আরও বেড়ে গেছে।
চালকেরা বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্থানীয় টিকিট কাউন্টারের লোকজন ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে দালাল চক্রের যোগসাজশ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা সারিতে কয়েক শ পণ্যবাহী ট্রাক। ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ক্যানাল ঘাটের কাছে সারিতে তামাকবোঝাই চার-পাঁচটি ট্রাক। সেখানে থাকা একটি ট্রাকের চালক কামাল হোসেন বলেন, কুষ্টিয়া থেকে বুধবার বিকেলে এসেছেন। ঘাটে আসার পর দালাল মোহাম্মদ আলীকে টিকিট কাটার জন্য ১ হাজার ৫৬০ টাকা দিয়েছেন। যদিও টিকিটের মূল্য ১ হাজার ৬০ টাকা। তাঁদের কোম্পানির প্রায় ২৫টি ট্রাক আছে। আগে থেকে দালালের সঙ্গে চুক্তি করে ঘাটে এলে ট্রাকপ্রতি ৫০০ টাকা বেশি দিতে হয়। বিনিময়ে দালালেরা টিকিট কেটে হাতে পৌঁছে দেবেন।
তিনজন ট্রাকচালক বলেন, দালাল ছাড়া কাউন্টার থেকে টিকিট কাটা যায় না। দালালেরা কাউন্টার ঘিরে দাঁড়িয়ে থাকেন। কোনো চালক বা সহকারী গেলে দালালেরা তাঁদের কাউন্টারে ঢুকতে দেন না। আবার অনেক চালক ঘাটে আসার আগেই দালাল দিয়ে টিকিট কাটার ঝামেলাটা সেরে নেন। আগে থেকে টিকিট কাটলে চালকদের আর লম্বা সারিতে দাঁড়াতে হয় না।
৩ নম্বর ফেরিঘাটের কাছে গরুবোঝাই ট্রাক নিয়ে অপেক্ষা করছিলেন চালক মাসুম মাল। তিনি বলেন, তাঁর বড় ট্রাকের পারাপারের ভাড়া ১ হাজার ৪৬০ টাকা। ঘাটে আসার আগে তাঁর ঠিক করা দালাল নুরুল ইসলাম গাড়ি নম্বর নিয়ে টিকিট কেটে রেখেছেন। ঘাটে আসার পর তিনি দালালকে ২ হাজার ৪০০ টাকা দিয়েছেন।
দালালেরা মাসুমকে বলেছেন, বাড়তি ১ হাজার টাকার মধ্যে দালালেরা ২০০ থেকে ২৫০ টাকা নেন। আর ৬৫০ টাকা ‘স্পেশাল’ হিসেবে কাউন্টারে দিতে হয়। স্পেশাল টাকাটা স্থানীয় টিকিট কাউন্টারের লোকজন ও ট্রাফিক পুলিশ ভাগ করে নেয়।
এই প্রতিবেদক টিকিট কাউন্টারের সামনে কয়েকজনের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা বলেন, এখানে কোনো দালাল নেই।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, স্থানীয় দালাল চক্রের সদস্যরা বাড়তি টাকা নিয়ে থাকতে পারেন। তবে বিআইডব্লিউটিসির কার্যালয়ের কারও বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
ট্রাফিক পুলিশ পরিদর্শক মৃদুল রঞ্জন দাস বলেন, কোনো পুলিশ সদস্য অতিরিক্ত টাকা নিচ্ছে—এটা প্রমাণ হলে তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।