দালালদের প্রতিরোধে সংগ্রাম কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মচারী ইউনিয়নের নেতাসহ কয়েকজন কর্মচারীকে মারপিট করার প্রতিবাদে এবং সন্ত্রাসী দালালদের রুখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ কর্মসূচিসহ আগামী রবি ও সোমবার প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকাল বুধবার কর্মচারী ইউনিয়নের এক সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার মেডিকেল কলেজের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল হকের এক আত্মীয় হাসপাতালে মারা যান। দালালদের মাধ্যমে মাইক্রোবাস ভাড়া না নেওয়ায় মৃত ব্যক্তির আত্মীয়, রংপুর মেডিকেল কলেজের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল হকসহ কয়েকজন কর্মচারীকে মারপিট করে লাশবাহী মাইক্রোবাসের দালালেরা।
গতকাল বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে হাসপাতাল ও কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের এক যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ কর্মচারী ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী। সভা শেষ আজ কালো ব্যাজ ধারণ এবং বিব ও সোমবার হাসপাতাল ও কলেজে কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে হাসপাতালের নার্সের তত্ত্বাবধায়ক পরি বানুকে সভাপতি ও লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে।
পরি বানু বলেন, ‘শুধু একটি ঘটনা নয়, রোগীদের সেবা দিতে গিয়ে বিভিন্ন³সময় দালালদের দ্বারা আমাদের কর্মচারীরাও লাঞ্ছিত হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদে আমাদের এই সংগ্রাম কমিটি।’
রেজাউল হক বলেন, এ ঘটনার পর কলেজের পক্ষ থেকে কোতোয়ািল থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, এ ব্যাপারে কোতোয়ািল থানায় অভিযোগ করা হয়েছে।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।