দালালদের মাইক্রো ভাড়া না নেওয়ায় মৃত ব্যক্তির স্বজনদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালালদের মাধ্যমে মাইক্রোবাস ভাড়া না নেওয়ায় হামলা চালিয়ে মৃত ব্যক্তির আত্মীয়সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১০ কর্মচারীকে জখম করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতাল ও কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন কর্মচারীরা। হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচির ডাক দিয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম রোমেলের এক আত্মীয় গতকাল ভোরে হাসপাতালে মারা যান। হাসপাতালে থাকা লাশবাহী মাইক্রোবাসের দালালেরা বেশি ভাড়া চাইলে রোমেল বাইরে থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে নিয়ে আসেন। ওই মাইক্রোবাসে লাশ তুলতে গেলে  দালালেরা বাধা দেন। এ নিয়ে দালালদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

পরে দালালদের নেতা শাহজাহান মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী হাসপাতালে এসে রোমেল, নোমান, ইমন, নুরুজ্জামানসহ ১০ জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে রোমেল, নোমান, ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও কলেজের কর্মচারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে তাঁরা শাহজাহান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি পেশ করেন।

ইউনিয়নের নেতা রেজাউল করিম রোমেল বলেন, ‘শাহজাহান গতকাল তাঁদের লাশবাহী মাইক্রোবাস না নেওয়ায় সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’ ওই ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী জানান, ‘অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি চলবে।’

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস ছালাম দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।