দালালনির্ভর ব্যবসা করবেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মালয়েশিয়া বাদে আর যেকোনো দেশেই জনশক্তি রপ্তানিকারকেরা কর্মী পাঠাতে পারবেন। এ জন্য তাঁদের কোনো ধরনের সহযোগিতার দরকার হলে সরকার তা করবে। তবে জনশক্তি রপ্তানিকারকদের প্রতারণা আর দালালনির্ভর ব্যবসা থেকে বেরিয়ে এসে কম খরচে কর্মী পাঠাতে হবে।

জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও বাজার সম্প্রসারণবিষয়ক এক মতিবিনিময় সভায় প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর লেডিস ক্লাবে এই সভার আয়োজন করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বায়রার সভাপতি আবুল বাসার সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বায়রার মহাসচিব মনসুর আহমেদ। ব্যবসায়ী নূর আলী, বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক সহ-সভাপতি রিয়াজ রহমানসহ ১০ জন ব্যবসায়ী সভায় বক্তব্য দেন।

সভায় জনশক্তি রপ্তানিকারকেরা এই খাতের নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েতসহ বড় বাজারগুলো বন্ধ। মালয়েশিয়ায় এখন লোক পাঠানোর সুযোগ আছে। কিন্তু সেখানে সরকারিভাবে (জিটুজি) লোক পাঠানো হচ্ছে। কিন্তু গত দুই বছরে মাত্র পাঁচ হাজার লোক সেখানে গেছে। বেসরকারি রপ্তানিকারকেরা পাঠালে এত দিনে কয়েক লাখ লোক যেত। এ ছাড়াও রপ্তানিকারকেরা সরকারের ডেটাবেজ থেকে লোক নেওয়া, কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে নারী কর্মী পাঠানোসহ নানা বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার কথা আপনারা ভুলে যান। সেই দেশে বেসরকারিভাবে লোক পাঠানোর কোনো সুযোগ নেই। তবে মালয়েশিয়া বাদে আরও ১৬৯টি দেশ আছে। আপনারা সেখানে যান। সেখান থেকে চাহিদা আনুন। ঘরে বসে দালালভিত্তিক ব্যবসা করবেন না।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বিদেশে যেতে সবচেয়ে বেশি খরচ হয়। কারণ ভিসা কেনা-বেচা হয়। এটি বন্ধ করুন। কম খরচে লোক পাঠান।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আমি আপনাদের প্রতিপক্ষ নই। বরং আপনাদের সহযোগিতা করাই আমার কাজ। কিন্তু আপনারা নিয়ম-কানুন মেনে চলুন।’

সভায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুন্নাহার উপস্থিত ছিলেন।