রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দালালমুক্ত করাসহ স্বাস্থ্যসেবার মান বাড়াতে গতকাল রোববার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক বৈঠক হয়।
‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল: ১০০ দালালের দাপট’ শিরোনামে একটি প্রতিবেদন ১৫ অক্টোবর ছাপা হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ এই বৈঠকের আয়োজন করে।
হাসপাতালের সেমিনার কক্ষে গতকাল রোববার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রংপুর-৩ (সদর) আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান এইচ এম এরশাদ সভাপতিত্ব করেন।
গত ১০ মাসের মধ্যে গতকাল রোববার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এই সভা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, উপাধ্যক্ষ আবু তালেব, রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়ন, নার্সিং অ্যাসোসিয়েশনের নেতারা।
বৈঠকে হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে বলা হয়, রোগীরা কতিপয় দালালের কাছে একরকম জিম্মি হয়ে পড়েছে। কেউ মারা গেলে লাশ পরিবহনের ক্ষেত্রে মাইক্রোচালকদের কাছেও জিম্মি স্বজনেরা।
হাসপাতালের বাইরে দিয়ে দেয়ালঘেঁষে যেসব দোকান রয়েছে, এসব উচ্ছেদের ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের রোগী পরিবহনের জন্য নিজস্ব অ্যাম্বুলেন্স রাখার প্রস্তাব করা হয়েছে। হাসপাতাল ভবন থেকে বহির্বিভাগ পৃথক করার বিষয়ও আলোচনা হয়েছে।
বৈঠকে বলা হয়, ৬০০ শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত করা হলেও রোগী ভর্তি থাকে প্রায় দুই হাজার। এ অবস্থায় হাসপাতালের কর্মচারী বাড়ানো হয়নি। এ কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের সমন্বয় রাখার পরামর্শ দেওয়া হয়। কর্মচারীর সংখ্যাও বাড়ানোর প্রস্তাব করা হয়।