দালালসহ আটক ১০
কক্সবাজারের টেকনাফ থেকে গত বুধবার দিবাগত রাতে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তিন দালালসহ ১০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাইন্যারছড়া উপকূলীয় এলাকা দিয়ে নৌকাযোগে সাগরে অবস্থানরত ট্রলারে যাওয়ার প্রস্তুতির জন্য ২০-২৫ জন লোককে জড়ো করার খবর পেয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন দালালসহ ১০ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।
আটক তিন দালাল হলেন বাহারছড়ার কচ্ছপিয়া গ্রামের মৃত মো. ইদ্রিসের ছেলে আহমঞ্চদ কবির (২৫), আবদুর রশিদের ছেলে আবদুল গফুর (৩০), শামসুল আলমের ছেলে মো. আইয়ুব (২৩)। আটক যাত্রীরা হলেন টেকনাফের কচ্ছপিয়ার হারুনুর রশিদ (২৫), মো. ইউনুচ (২৫); নওগাঁর সালাহ উদ্দীন (৩০), নুরুল হাসান (৩১), গিয়াস উদ্দীন (৪০), মো. নজরুল (২৮) ও মো. রিপন (৩৩)। তাঁদের স্বীকারোক্তিমতে শাহপরীর দ্বীপের মৃত বাড়ু হাজির ছেলে মো. তাহেরকে পলাতক আসামি করে চার দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।