চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে দালালের খপ্পর থেকে চার তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আবাসিক এলাকার ১৪ নম্বর সড়কের ৪৬৩ নম্বর ভবনের পঞ্চম তলা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় ওই দালাল ও তাঁর দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফখরুল হাসান (৩০) এবং তাঁর দুই সহযোগী শায়লা (২৫) ও রুমি আক্তার (১৮)। উদ্ধার হওয়া তরুণীরা নগরের বিভিন্ন পোশাক কারখানা এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানা গেছে।পুলিশ জানায়, ফখরুল হাসান ওই ভবনের পঞ্চম তলার ভাড়াটে। সপ্তাহ খানেক আগে তিনি তাঁর দুই সহযোগীর মাধ্যমে নগরের বিভিন্ন স্থান থেকে পাঁচ তরুণীকে চাকরি দেওয়ার নামে ওই বাসায় নিয়ে আটকে রাখেন। পরে তাঁদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। রাজি না হওয়া তাঁদের কেউ কেউ মারধরের শিকার হন।পুলিশ সূত্র জানায়, এর মধ্যে গত মঙ্গলবার রাতে এক তরুণী পালিয়ে গিয়ে চান্দগাঁও থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে অপর চার তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে।চান্দগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা আবদুল হালিম জানান, তরুণীদের উদ্ধার করে নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে মামলা করেছেন।পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘ফখরুলের এক ভাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছি। টেকনাফ থেকে নেশার বড়িগুলো এনে চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করা হয়।’